একরাম জুয়েল।।
কক্সবাজার শহরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু’র ছেলে সেজান (২০) নিহত হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের বইল্ল্যা পাড়া অগ্যামেধা বৌদ্ধ বিহার (জাদিরাম পাহাড়) এলাকায় এই খুনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয় সন্ত্রাসী তাহের, রাজু, শাহীন, অভিসহ আরও কয়েকজন মিলে সেজানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খোরশেদ আলম নামক একজন যুবক সেজানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুত্রে জানা গেছে, খুনিদের সাথে নিহত সেজানের কথা-কাটাকাটির জের ও মাদকসহ বিভিন্ন কিছুর দ্বন্দ্ব থেকেই সেজানকে খুন করা হয়েছে। এই কিশোরগ্যাং টি অগ্যামেধা বৌদ্ধ বিহার এলাকায় নিয়মিত আড্ডা দিতো। কিশোরগ্যাং লিডার তাহের সদ্য জেল ফেরত ও চিহ্নিত সন্ত্রাসী এবং আলোচিত পুলিশ হত্যা মামলার আসামী। সে সেজানকে হত্যা করেছে বলে সুত্রটি জানায়।
নিহত সেজানের মা জানান, ছেলে সেজানকে নিয়ে শহরের জাদিরাম
পাহাড় এলাকায় বসবাস করেন। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে সেজানকে কয়েকজন কিশোর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। গেল রাতে খুনীদের সাথে তার ছেলে সেজানের তর্ক হয়েছিল বলেও জানান তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনার ক্লু উদঘাটন ও খুনীদের চিহ্নিত করে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সেজানের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে, সেজানের লাশ উদ্ধারকারি খোরশেদ আলম নামের এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।
Leave a Reply