কাইসার সিকদার।।
কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়টি ১৯৩৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। আর দীর্ঘ ৮৩ বছর পর উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে পাঠদানের অনুমতি পেয়েছে। তাই আজ খুশিতে আত্মহারা ওই বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটি।
বুধবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারী মাধ্যমিক-১ শাখার উপ-সচিব আনোয়ারুল হক প্রেরিত চিটির মাধ্যমে এ অনুমোদন লাভ করেছে। যার স্বারক- ৩৭.০০.০০০০.০৭৩.৩৩.১৮১.২১.৪২৯। এর ফলে আগামী ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়টি একাদশ শ্রেণীতে ছাত্র-ছাত্রী ভর্তিসহ পাঠদান করতে পারবে।
কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়টি কলেজ হিসাবে উন্নিত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা উপ-মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, স্কুল পরিচালনা কমিটির সভাপতি তসলিমা চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি তসলিমা চৌধুরী জানান, গত ১৭ আগস্ট স্কুল পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছি। স্কুলটিকে কলেজে রুপান্তরের মাধ্যমে দ্বীপবাসীর আরেকটি স্বপ্ন পুরণ হয়েছে। এ কঠিন কাজটি করতে যারা আমাকে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এতে করে কুতুবদিয়ার গরীব ও অসহায় পরিবারের সন্তানদের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষা কার্যক্রমের ঝরেপড়া থেকে মুক্তির পথ অনেকটা সুগম হলো।
এদিকে, কুতুবদিয়ার ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি কলেজে রুপান্তর হওয়ায় সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগণ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তসলিমা চৌধুরীকে ধন্যবাদ জানান।
Leave a Reply