সকল কল্পনা জল্পনার অবসান শেষে আজ ১৯ আগস্ট থেকে খুলছে কক্সবাজার সৈকতসহ সব পর্যটন স্পট। পর্যটকদের বরণ করতে ইতোমধ্যে হোটেল-মোটেল গেস্ট হাউজগুলো সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। হতাশা কাটিয়ে কিছুটা হলেও আশার আলো দেখছে পর্যটন ব্যবসায়ীরা। তবে, ব্যক্তিগত সুরক্ষা ও সকল স্বাস্থ্যবিধি নিশ্চিত করে নামতে হবে সৈকতে এমন দাবি সকলের।
সরকারী নির্দেশনা বাস্তবায়নে সৈকতের ৬টি পয়েন্টে থাকবে ট্যুরিস্ট পুলিশের শক্তিশালী টিম। পয়েন্টগুলো হলো-লাবণী, সুগন্ধা, কলাতলি, কবিতা চত্তর, ইনানী ও পাটুয়ারটেক।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সুপার মো. জিল্লুর রহমান বলেন, জনসচেতনতা তৈরির কার্যক্রম পরিচালনায় পৃথক ৩টি মোবাইল টিম কাজ করবে। স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারণা চালানোর লক্ষ্যেও ট্যুরিস্ট পুলিশ পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে যে কাউকে শাস্তির আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, ১৯ আগস্ট থেকে পর্যটন স্পটসমূহ বিধি সাপেক্ষে উন্মুক্ত করে দিয়েছে সরকার। পর্যটকদের নিরাপত্তা ও সেবায় আমরা নিয়োজিত আছি। নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই বীচে নামতে হবে। দলবদ্ধভাবে এক জায়গায় দাঁড়াতে পারবে না। সরকারী নির্দেশনা বাস্তবায়নে ট্যুরিস্ট পুলিশের সাথে থাকবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিম। সরকারী নির্দেশনা মতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সৈকতসহ বিনোদন কেন্দ্রসমূহে আসার জন্য পর্যটকদের প্রতি অনুরোধ জানান তিনি।
এদিকে, আজ বিকালেও পর্যটকদের সৈকতে নামতে দেখা গেছে। প্রশাসনের টহলে থাকলেও কারো মুখে মাস্ক পড়তে দেখা যায়নি বলে জানান স্থানীয়রা।
Leave a Reply