কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা সিকদারপাড়ায় প্রকাশ্য দিবালোকে সাবেক ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন নোবেলকে গুলি করে হত্যার ঘটনায় ৩২ জনকে আসামী করে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে নিহতের ছোট ভাই মামুনুর রশীদ বাদী হয়ে চকরিয়া থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।
এজাহার সুত্রে জানা গেছে, নিহত নাছির উদ্দিন নোবেল সাথে প্রতিদ্বন্ধিতাকারী পূর্ব বড় ভেওলা ইউনিয়নের গেল বারের নির্বাচনে হেরে যাওয়া আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. খলিল উল্লাহ চৌধুরীকে প্রধান আসামী করে ২০ জনের নাম উল্লেখপূর্বক আরো ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, নাসির উদ্দিন নোবেল হত্যার ঘটনায় এজাহার নামীয় তিন আসামীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এলাকাবাসীর সহায়তায় এনামসহ আরো ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে অভিযানে রয়েছে।
প্রসঙ্গত, জমি বিরোধের জের ধরে মঙ্গলবার
(১৭ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের মুবিনপাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সাবেক ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন নোবেল। এ সময় আরো ৯ জন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দিন দুপুরে প্রকাশ্যে হত্যাকান্ডের ঘটনায় গত ইউপি নির্বাচনে হেরে যাওয়া আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খলিলুল্লাহ চৌধূরী ও তার সন্ত্রাসী বাহিনীকে দায়ী করেছেন নিহতের পরিবার।
এদিকে, সন্ত্রাসীদের গুলিতে নিহত নাসির উদ্দিন নোবেল উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার আবদুল খালেক সিকদারের ছেলে। তিনি চট্টগ্রাম এমইএস কলেজের ছাত্র সংসদের সাবেক সমাজকল্যান সম্পাদক ও মহানগর যুবলীগ সদস্য ছিলেন। তিনি আসন্ন ইউপি নির্বাচনে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে গত দুই বছর ধরে এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।
Leave a Reply