টেকনাফ হতে ট্রাকে করে অভিনব কায়দায় মালিকের জন্য মাদকের চালান নেওয়ার পথে বিজিবি চেকপোস্টে দায়িত্বরত প্রশিক্ষিত কুকুরের তল্লাশীতে ইয়াবা নিয়ে ট্রাকসহ চালক-হেলপার ২ জনকে আটক করেছে বিজিবি।
আটকরা হলেন, গাড়ী চালক টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সরলা গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র মোঃ লেবু মিয়া (২৫) এবং হেলপার একই উপজেলার গোহালিয়া বাড়ি গ্রামের মোঃ ছানোয়ার হোসেনের পুত্র মোঃ ইসমাঈল হোসেন (৩৪)।
শুক্রবার (২০আগষ্ট) সকাল ৯টার দিকে টেকনাফ সড়কের দমদমিয়া বিজিবি চেকপোস্টে গাড়ি জব্দ করে ২ জনকে আটক করা হয়।
বিজিবি সুত্রে জানা গেছে, দমদমিয়া চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা শহরগামী একটি ট্রাক আসলে ব্রাভো নামে একটি প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশী করানো হয়। এসময় প্রশিক্ষিত কুকুর ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টারে বার বার ঘ্রাণ নিয়ে সন্দেহজনক আচরণ করতে থাকে। তখন ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টার খুললে কালো টেপে মোড়ানো ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তখন গাড়িটি জব্দ করে চালক-হেলপারকে আটক করে। ধৃতরা মাদকের চালানটি চালকের গ্রামের মোহাব্বত হোছনের পুত্র ট্রাক মালিক মোঃ হাফিজুর রহমান (৩৫) এর জন্য এই মাদকের চালান নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, এই ব্যাপারে মাদকের চালান আটকের ঘটনায় মালিককে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়। পরে জব্দকৃত ইয়াবা, নগদ টাকা, মুঠোফোন ও ট্রাকসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
Leave a Reply