টেকনাফের পাহাড়ি ঝর্ণায় গোসল করতে গিয়ে ৯ কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে মুখোশধারী রোহিঙ্গা ডাকাতরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার ঘণ্টা পর মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের পানখালী ঢালাস্থ পাহাড়ি স্বপ্নপুরি ঝর্ণা এলাকায় এ ঘটনা ঘটে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, পর্যটক পাহাড়ি স্বপ্নপুরি ঝর্ণায় অনেকে বেড়াতে আসেন এবং ঝর্ণায় গোসলেও নামেন অনেকে। শুক্রবার সকালে স্থানীয় কলেজপড়ুয়া যুবকরা ঝর্ণায় নামলে রোহিঙ্গা ডাকাতরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। এতে কয়েকজন পালিয়ে আসলেও ৯ জনকে ধরে রাখে। পরে মারধর এবং মোবাইল ফোন ও টাকা লুট করে তাদের এক ঘণ্টা পর ছেড়ে দেয়া হয়।
তিনি আরো জানান, পুলিশ তাদের সঙ্গে কথা বলছে। দিন দিন রোহিঙ্গা ডাকাত দলের হাতে অপহরণের ঘটনা বাড়ছে। মুক্তিপণ না দিলে মেরে ফেলারও ঘটনা ঘটছে। তিনি পর্যটন এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানান তিনি।
অপহরণের শিকার মিজানুর রহমান বলেন, আমিসহ কলেজ বন্ধুদের সঙ্গে পাহাড়ি স্বপ্নপুরি নামের ঝর্ণায় বেড়াতে যাই। সেখানে হঠাৎ অস্ত্রধারী পাহাড়ি ডাকাতরা আমাদের ঘিরে ফেলে। এসময় কয়েকজন সহপাঠি পালিয়ে আসতে সক্ষম হয়।
মিজান আরো বলেন, এক ঘণ্টা পর মোবাইল সহ টাকা লুট করে তাদের ছেড়ে দেয়া হয় এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দেয় রোহিঙ্গা ডাকাতরা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ঝর্ণায় অপহরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।ভিকটিমদের সঙ্গে কথা বলে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
Leave a Reply