মো.শাহাদত হোছাইন।।
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্পের ভেতরে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহ (৪৭) মারা গেছেন।
ক্যাম্পের দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটলিয়ন ১৪ এর কমান্ডিং অফিসার পুলিশ সুপার নাইমুল হক এই তথ্য নিশ্চিত করেন।
মহিবুল্লাহর স্ত্রীর বরাত দিয়ে কমান্ডিং অফিসার নাইমুল হক জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুতুপালং শিবিরে তার বাড়িতে চার-পাঁচজন লোক এসেছিলেন। তারা চার-পাঁচ রাউন্ড গুলি করে চলে যায়। মি. মহিবুল্লাহর হত্যাকাণ্ডের পর গতকাল রাত পর্যন্ত ক্যাম্পে তার অনুসারীরা অবস্থান নিয়েছিলেন। রোহিঙ্গা ক্যাম্পে অল্প জায়গার মধ্যে অনেক মানুষ থাকে। তাই গোলাগুলি ও হত্যার খবর ছড়িয়ে পড়ার পর গতকাল রাতেই আশেপাশ থেকে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয় এবং রাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
বৃহস্পতিবার সকালে ওই পুলিশ কর্মকর্তা জানান, সকালে আবারো কিছু উৎসুক মানুষকে ঘটনাস্থলে জড়ো হতে দেখা যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
কমান্ডিং অফিসার পুলিশ সুপার নাইমুল হক জানান, মহিবুল্লাহর হত্যাকাণ্ডের সাথে তার পরিচিত ব্যক্তিরা জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। যেহেতু হত্যাকারীরা তার কাছে যেতে পেরেছিলেন এবং তার সাথে দেখা করতে পেরেছিলেন, তারা তার পরিচিত ব্যক্তি ছিলেন বলেই প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে।
উল্লেখ্য, মহিবুল্লাহ “আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস” সংগঠনটির প্রধান। তার সংগঠনটি মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদ হওয়া রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতো। শরণার্থী শিবিরে এবং আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা জনগোষ্ঠীর দাবি-দাওয়া তুলে ধরার প্রচেষ্টায় কাজ করতো মহিবুল্লাহর সংগঠন। ২০১৯ সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তব্য রাখার জন্য আমন্ত্রিত হয়েছিলেন তিনি। সে সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের জন্য হোয়াইট হাউজেও আমন্ত্রিত ছিলেন তিনি।
এদিকে, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর মরদেহ গতকাল রাত ১১ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে তা হাসপাতালের মর্গে রাখা হয়। এই রিপোর্ট লিখা পর্যন্ত মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে হাসপাতালের আরএমও শাহিন আবদুর রহমান নিশ্চিত করেন। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
Leave a Reply