কক্সবাজারের মহেশখালীতে মরা মহিষের মাংস বিক্রি করার দায়ে পিতা-পূত্রকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে দু’জনকে ১ মাসের করে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
গ্রেফতাররা হলেন, কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার হাজী সাহেব মিয়ার পুত্র মনজুর ও তার পুত্র নুর হাসেম।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে ১০ টায় বড় মহেশখালী নতুন বাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, উপজেলার কুতুবজোম তাজিয়াকাটা এলাকার আলী আকবরের একটি মহিষ ৭ ডিসেম্বর ভোরে রোগাক্রান্ত হয়ে মারা যায়। এ সময় তার রাখাল গফুর মিয়াকে মৃত মহিষটি দূরে কোথাও নিয়ে মাটিতে পুঁতে ফেলার জন্য বলেন। পরে রাখাল গফুর মৃত মহিষটি মাটিচাপা দিতে নিয়ে গিয়ে ওই এলাকার তাজিয়াকাটা গ্রামের হাজী সাহেব মিয়া পুত্র মনজুর ও তার পুত্র নুর হাসেমকে ২০ হাজার টাকায় মৃত মহিষটি বিক্রি করে দেয়। পরে তা বড় মহেশখালীর ব্যস্ততম নতুন বাজারে এনে কেটে তাজা রক্ত মেখে মাংস হিসেবে বিক্রির করে আসছিল। এসময় স্থানীয় কয়েকজন বিষয়টি টের পেলে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুলকে জানান। পরে তিনি এসে মরা মহিষের মাংস বিক্রির বিষয়ে জিজ্ঞেসাবাদ করলে তার সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি প্রশাসনকে জানান। এ সময় পুলিশ এসে তাদেরকে আটক করেন এবং মৃত মহিষের প্রায় দুই’শ কেজি মাংস জব্দ করেন। পরে মহেশখালী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যামাণ আদালতে হাজির করলে আদালত দু’জনের প্রত্যেক কে ১ মাসের করে কারাদণ্ডের আদেশ দেন।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম জানান, মরা মহিষের মাংস বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুইজনকে আটক করেন। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে পিতা-পুত্রকে ১ মাসের করে দণ্ডাদেশ দেওয়া হয়।
Leave a Reply