সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার কলাতলী বাইপাস সড়ক এলাকায় বৈদ্যুতিক তার লাগাতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার (১৮ ডিসেম্বর) রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এরআগে সকাল ৯ টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি। নিহত আব্দুল মালেক (৩৫) কলাতলী দক্ষিণ আদর্শগ্রাম এলাকার বাসিন্দা। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আদর্শগ্রাম সমাজ কমিটির সভাপতি সুমন।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে- শনিবার ভোররাতে মালবাহী একটি ট্রাকে লেগে কলাতলী বাইপাস সড়কস্থ বিকাশ বির্ল্ডিংয়ের পাশে সাতটি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়। শনিবার সকালে এসব বিচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন আব্দুল মালেক। এরপর তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে আশংকাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
সূত্রে জানা গেছে- আব্দুল মালেককে জোর করে বিদ্যুতের সংযোগ লাগাতে বলেন সিআইপির ম্যানেজার ঈসমাইল। ঘটনার পর থেকে ঈসমাইল পলাতক রয়েছে বলে জানা গেছে।
পরিবারের বরাত দিয়ে দক্ষিণ আদর্শগ্রাম সমাজ কমিটির সভাপতি সুমন বলেন- কক্সবাজার সদর হাসপাতার থেকে রওনা দিয়ে রাত ৮ টার দিকে আব্দুল মালেক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেন। সেখানে জরুরি বিভাগে ঢুকার সাথে সাথে তার মৃত্যু হয়। তার পরিবার মরদেহ কক্সবাজার নিয়ে আসার জন্য প্রস্তুুতি নিচ্ছে বলে জানা গেছে।
কক্সবাজার সদর থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেবো।
Leave a Reply