মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাসটার্মিনাল সংলগ্ন পূর্ব লারপাড়া জামে মসজিদের পাশের আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ডিসেম্বর) ভোরে পূর্ব লারপাড়া জামে মসজিদের পাশের আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি দেখতে পায় এলাকাবাসী। মৃতদেহের পরণে ছিল শুধু লুঙ্গি। শ্যামবর্ণের ওই যুবকের আনুমানিক বয়স হবে ৩০ বছর।
স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব লারপাড়া মসজিদের পাশের আমগাছে সোমবার ভোরে ঝুলন্ত লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
স্থানীয়রা আরো জানান, তারা ইতোপূর্বে কখনোই ওই যুবককে এলাকায় দেখেননি৷ তবে অনেকে ধারণা করছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, প্রথমত ঘটনাস্থল প্রধান সড়কের পাশে। যেখানে চব্বিশ ঘন্টায় লোক সমাগম থাকে। দ্বিতীয়ত্ব ওই যুবককে এলাকার কেউ চিনছেনা। তাই আপাতত বলা যাচ্ছে না এটি হত্যা নাকি আত্মহত্যা। তবে লাশের পরিচয় সনাক্ত করার জন্য যত ধরণের প্রক্রিয়া সেগুলো অনুসরণ করা হচ্ছে।
Leave a Reply