সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
পর্যটকদের ছবি তুলতে গিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ট্যুরিস্ট পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন সাংবাদিক আবদুল আজিজ। ওই সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়ারও অভিযোগ ওঠে ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক আব্দুল মান্নানের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদের সামনেই এ ঘটনা ঘটে।
আবদুল আজিজ বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টিভি, জাতীয় দৈনিক দেশ রুপান্তর ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কক্সবাজার জেলা প্রতিনিধি।
প্রত্যক্ষদর্শী বৈশাখী টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি নেছার আহমদ বলেন, বিকালে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আসেন কয়েকজন বিদেশি পর্যটক। তাদের দেখে সাংবাদিকদের ছবি তুলে পজিটিভ নিউজ করার অনুরোধ করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ। তখন সাংবাদিকরা পর্যটকদের ছবি তুলছিলেন। তাদের সঙ্গে ছবি তুলছিলেন আবদুল আজিজও। তাকে ছবি তুলতে দেখে দৌঁড়ে এসে ধাক্কা দেন সৈকতে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান। এ সময় তাকে লাঞ্ছিত করে হাতের মোবাইলটি কেড়ে নেন ওই পুলিশ কর্মকর্তা।
লাঞ্ছিত আবদুল আজিজ বলেন, পর্যটকদের ছবি তোলার সময় আমাকে লাঞ্ছিত করে মোবাইল ফোন কেড়ে নেন এসআই আব্দুল মান্নান। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের অনুরোধে বিদেশি পর্যটকদের ছবি ওঠানোর বিষয়টি জানালে তিনি কেড়ে নেওয়া মোবাইলটি সামান্য দূরে উপস্থিত ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদকে জমা দেন। পরে মোবাইলটি ফেরত দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বলেন, এসআই আব্দুল মান্নানের কাছে এমন আচরণ আমরা প্রত্যাশা করিনি। কেন তিনি এমন কাজ করেছেন তা আমাদের বোধগম্য নয়। এজন্য আমি লজ্জিত। এ ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি।
Leave a Reply