কক্সবাজার সদরের খুরুশকুল এলাকার বনভূমির শতফুট উঁচু পাহাড় কেটে পুকুর ভরাটের বিরুদ্ধে প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (৪ জানুযারি) বিকেল ৪টার দিকে এ যৌথ অভিযান চালানো হয়।
জানা যায়, সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের উত্তর হিন্দু পাড়া এলাকায় ৪০ শতক আয়তনের শতবর্ষী একটি পুকুর ভরাট করছে ১০/১২ জনের একটি ভূমিদস্যু সিন্ডিকেট। এসব সিন্ডিকেটে রয়েছে খোদ স্থানীয় জয় বর্ধন নামের একজন সাবেক ইউপি সদস্য ও কক্সবাজার ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার অপারেটর দেবাশীষ দে বাবু। মাটি ভরাটে কাজ করছেন, একাধিক বন মামলার আসামী রুনো, মামুন, কায়সার।
এদিকে, এসময় বিশাল পাহাড় কর্তনের পাশে নির্মিত দুইটি ঝুপড়ি ঘর উচ্ছেদ ও শতবর্ষী পুকুর ভরাটের স্থানে হাতেনাতে শয়ন দে নামের একজনকে ১২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও পুকুর ভারাটের জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
অভিযানে উপস্থিত ছিলেন, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার, কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নু এমং মারমা মং, পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদাসহ বনকর্মীরা।
এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা বলেন, পাহাড় কাটা ও পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply