কক্সবাজারের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মানিক গ্রুপের ৩ জনকে আটক করেছে র্যাব-১৫।
১৩ মার্চ রাত সাড়ে ৯ টার দিকে তাদের আটক করা হয়েছে বলে র্যাব-১৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ পথে শ্যামলী এনআর ট্রাভেল এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় অপরাধী চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে ৩ জনকে আটক করা হয়। ধৃত ব্যক্তিদের উল্লেখিত স্থানে অবস্থান করার কারণ জিজ্ঞাসা করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি। ধৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ১টি ড্যাগার ও ১টি ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মানিক গ্যাং এর সদস্য এবং দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধ হয়ে কক্সবাজার শহর এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Leave a Reply