সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে কিশোর গ্যাং এর অন্যতম এক হোতাসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছোরা ও চাপাতি।
আটকরা হল, কক্সবাজার শহরের কানাইয়া বাজার এলাকার আবুল কাশেমের ছেলে সালাউদ্দিন (৩২) এবং কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা মৃত নবী হোসেনের ছেলে মো. রশিদ উল্লাহ (৩৫), মনির আহাম্মদের ছেলে মোহাম্মদ জোহার (১৭), মো. লাল মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম (১৬) ও দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইউনুস (১৫)।
শুক্রবার দুপুরে এ তথ্য জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার।
তিনি বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধ পয়েন্টে কতিপয় মাদকসেবী অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এতে ধাওয়া দিলে ৫ জনকে আটক করা সম্ভব হয়। পরে আটকদের গভীর রাতে সমুদ্র সৈকত এলাকায় অবস্থান ও ঘুরাঘুরির কারণ জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেনি। এসময় তোদের দেহ তল্লাশী করে ২০টি ইয়াবা, ৪টি ছোরা ও ১টি নতুন ধরণের চাপাতি পাওয়া যায়।
তিনি আরো বলেন, আটকরা সকলেই কিশোর গ্যাং এর সদস্য। আটকদের মধ্যে মোহাম্মদ সালাউদ্দিন কিশোর গ্যাং এর অন্যতম হোতা। তারা পেশাদার ছিনতাইকারি ও মাদকসেবী। পর্যটকসহ স্থানীয় লোকজনকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এসব অপরাধীরা নানা অপকর্ম সংঘটন করে থাকে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply