মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের চেরাংঘাটা এলাকায় মোর্শেদ আলী নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
নিহত মুর্শেদ সদরের পিএমখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মাইজপাড়া গ্রামের মৌলবী ওমর আলীর ছেলে।
বৃহস্পতিবার (৭এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে বাংলাবাজার চেরাংঘাটায় এঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, বাসার জন্য ইফতার সামগ্রী কিনতে বাজারে এসে হামলার শিকার হন মুর্শেদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে থাকলেও দেশে ফিরে চাষাবাদ করতেন।
পিএমখালীতে বোরো আবাদে সেচ প্রকল্প (স্কীম) নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে হত্যা কান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে পিতাসহ বাড়ীর সদস্যদের জন্য ইফতার সামগ্রী কিনতে পাশ্ববর্তী চেরাংঘাটা বাজারে যান। সেখানে অর্তকিতভাবে প্রকাশ্যে দিবালোকে একই ইউনিয়নের মাইজপাড়ার মাহমুদুল হক মেম্বার এবং তার সন্ত্রাসী ছেলেদের নেতৃত্বে স্থানীয় আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম আলাল, আব্দুল মালেক, তাহেরসহ আরো কয়েকজন মিলে তাকে পিঠিয়ে গুরুতর আহত করেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে মুর্শেদ মারা যান।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন জানান, মুর্শেদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনাায় জড়িত যারাই হোক না কেন তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এদিকে, ঘটনাস্থলের অদুরে বাংলাবাজার এলাকায় কক্সবাজার সদর মডেল থানার এসআই ইকবাল সহ একদল পুলিশ থাকলেও তাকে রক্ষায় এগিয়ে আসেনি বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
Leave a Reply