বিশেষ প্রতিবেদক।।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কোন প্রকার চাঁদাবাজি চলবে না এবং কোন বিশেষ কারণ ছাড়া হাইওয়ে পুলিশ কোন গাড়িকে সিগন্যাল দেবে না। এছাড়া, কোন সংগঠন বা সংস্থার নামে কেউ চাঁদাবাজি করে এবং যদি চাঁদাবাজির কোন অভিযোগ পাওয়া যায়, তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মালুমঘাট হাইওয়ে থানার ওসি ইমন কান্তি চৌধুরী কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার অনুষ্ঠিত এক জুম মিটিংয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশ প্রধান মল্লিক ফকরুল ইসলাম হাইওয়েতে চাঁদাবজি বন্ধে নির্দেশনা প্রদানের আলোকে এই হুঁশিয়ারি বলে জানান ওসি।
এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন,কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থেকে চকরিয়া অংশের মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে এবং সকল প্রকার অরাজকতা রোধে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ বদ্ধ পরিকর। মহাসড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধ, ফুটপাত দখলমুক্ত করা এবং সড়ক দুর্ঘটনা রোধ করতে আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি।
এসময় ওসি ইমন কান্তি চৌধুরী আরো জানান, কোন পুলিশ সদস্য বা কোন পরিবহন সংগঠন কর্তৃক যদি রাস্তায় কোন ধরনের চাঁদাবাজি করা হয়, তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। ঈদের ছুটিতে সড়ক পথে মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সে বিষয়ে আমরা সদা প্রস্তুত থাকব।
Leave a Reply