কাজল কান্তি দে।।
কক্সবাজার সদরের পিএমখালীর ইউনিয়নের চাঞ্চল্যকর মুর্শেদ হত্যা মামলার ৪ আসামিকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আসামিরা হলো- ৬নং আসামি মতিউল ইসলাম, ১২ নং আসামি জয়নাল আবেদীন, ২৩ নং আসামি সাইফুল ইসলাম, ২৫ নং আসামি আজাহারুল ইসলাম।
মঙ্গলবার (৭জুন) মামলার তদন্তকারি কর্মকর্তা সৈয়দ সফিউল করিম আসামিদের ৭ দিন করে রিমান্ড চাইলে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা।
সূত্রে জানা যায়, গত ৭মে (শনিবার) রাতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ আসামিকে গ্রেফতার করে কক্সবাজার র্যাব-১৫।
র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী ইসলাম বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে মতিউল ইসলাম মতি, সাইফুল ইসলাম, আজহারুল ইসলাম ও জয়নাল আবেদীনকে শনাক্ত করা হয়। পরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গতঃ সেচ প্রকল্পের জের ধরে গত ৭ এপ্রিল বিকেলে পিএমখালীর চেরাংঘর বাজারে ইফতারি কিনতে গেলে মোর্শেদের ওপর হামলা চালায় মালেক, আলাল, মাহমুদুল, মো.জয়নাল, মতিউর সহ অন্ততঃ ২৫-৩০ জন। পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত ৯ এপ্রিল নিহতের ছোট ভাই জাহেদ আলী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৮-১০ জনের নামে মামলা করেন।
Leave a Reply