সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের বেড়িবাঁধে বোন নাফিসা আকতারকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাই আবদুল মোনাফকে বেধড়ক মারধর করেছে তিন দুর্বৃত্ত।
গত ৩১ মে বিকেলে আশ্রয়ন প্রকল্পের বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। ১১ দিন পর শনিবার (১১ জুন) রাতে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরই নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আহত আব্দুল মোনাফ বলেন, আশ্রয়ণ প্রকল্পে আমাদের ফ্ল্যাট আছে। সেখান থেকে ৩১ মে আমার বোন নাফিসা মামার বাড়ি যাচ্ছিল। পথে খুরুশকুল মনুপাড়ার জামাল-রায়হানরা আমার বোনকে নোংরা ভাষায় কথা বলছিল। পরে আমার বোন কয়েকবার ফিরে আসতে চাইলে তারা বার বার পথ আটকায়। আমি প্রকল্প থেকে এসব দেখে দৌঁড়ে আসি। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তারা আমার বোনকে লাঠি দিয়ে আঘাত করে। তখন আমি বোনকে জড়িয়ে ধরি। এ সময় তাকে কেন মেরেছে বা নোংরা কথা কেন বলছে জানতে চাইলে তারা আমাকেও বেদম মারধর শুরু করে।
মোনাফ আরো বলেন, সেদিন আহত হয়ে তিনি হাসপাতালে যান। পরে থানায় অভিযোগও দেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি। এ অবস্থায় শনিবার দিনেও দুর্বৃত্তরা আবদুল মোনাফকে হুমকি দিয়ে গেছে। তবে, ভিডিও ছড়িয়ে পড়ার পর তারা এখন পালিয়েছে বলে দাবি করে আহত আবদুল মোনাফ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) নাছির উদ্দিন মজুমদার জানান, এই ঘটনার কোনো অভিযোগ পায়নি। তবে শনিবার রাতে ভিডিওটি ভাইরাল হলে অভিযুক্তদের ধরতে মাঠে পুলিশ কাজ করছে।
Leave a Reply