সোমবার, ০১ Jun ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সিএনটি ডেস্ক।।
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সুবর্ণচর উপজেলা থেকে স্থানীয়রা দুই শিশুসহ ৯ রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রোববার (২৬ জুন) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ। এর আগে, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের থানারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গারা হলেন- ভাসানচর আশ্রয়ণের ১১নং ক্লাস্টারের মো. সালামের ছেলে নূর কাসেম (১৯), ৭৩নং ক্লাস্টারের নজিবুল্লার ছেলে করিমুল্লাহ (২২), ৫০ ক্লাস্টারের আমির হোসেনের ছেলে হোসেন জদ্দার (২৭), ৭৪নং ক্লাস্টারের খলিল আহমদের ছেলে ইউনুস, ৮৬নং ক্লাস্টারের করিম উল্যার স্ত্রী সৈকত তারা, ৮১নং ক্লাস্টারের নূর কাসেমের স্ত্রী রাজুর মা, ৬৮নং ক্লাস্টারের মৃত খাইরুল আলমের স্ত্রী পারভিন (২৫), খাইরুল আলমের মেয়ে ঝরনাতলা (৭) ও ছেলে নূরুল ইসলাম (৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১টার দিকে সুবর্ণচর উপজেলার থানারহাট বাজারে ঘোরাঘুরি করছিল কয়েকজন রোহিঙ্গা। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে।
পরে রাত পৌনে ২টার দিকে তাদের চরজব্বর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা স্বীকার করেছেন দালালের মাধ্যমে তারা ভাসানচর থেকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে আসেন। স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা
Leave a Reply