সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার সদর উপজেলার লিংকরোড স্টেশনে কাঁচাবাজার সংলগ্ন বিশাল নালা দখল করে নির্মাণাধীন বহুতল ভবন উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এসময় নালা ও উপজেলা পরিষদের বরাদ্দে নির্মিত গাইডওয়ালও উদ্ধার করা হয়েছে। নালার উপর নির্মিত পাকা দালান উচ্ছেদ করা হলেও স্থানীয় গফুর সওদাগর সহ আরো কয়েকজন অবৈধ দখলদারের ভবন অক্ষত থাকায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) বিকাল ৫ টায় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, লিংক রোড স্টেশনে কাঁচাবাজার সংলগ্ন নালা দখল করে মার্কেট নির্মাণ, গাইড ওয়াল দখল, নালা ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ চলে আসছিল। এতে এলাকার বেশ কিছু পরিবার পানি বন্দি হয়ে পড়ে।এলাকাবাসী এ ঘটনায় বাব বার বাঁধা দিলেও থামাতে পারেনি অবৈধ স্থাপনা নির্মাণ কাজ।
এলাকাবাসী জানান, লিংক রোড স্টেশনে বনফুলের পেছনে কাঁচাবাজার সংলগ্ন বিশাল নালাটি দখল করে গত এক মাস ধরে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। সেখানে সরকারি জমিতে অবস্থিত নালা ও উপজেলা পরিষদের বরাদ্দে নির্মিত গাইড ওয়াল দখল করা হয়। এর পাশে নালা ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে আরো কয়েক ব্যক্তি।এছাড়াও সরকারী জমি দখল করে গফুর সওদাগর ও বহুতল ভবন নির্মাণ করেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্পূর্ণ সরকারী জমিতে গফুর সওদাগর নামের এক ব্যক্তি বহুতল ভবন নির্মাণ করেছে। পাশাপাশি নালা দখল করে ভবন ও বাড়ি নির্মাণ হয়েছে। উচ্ছেদ করা একটি ছাড়া আরও ৪/৫ টি অবৈধ স্থাপনা অক্ষত রয়েছে। এ নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরকারী জমিতে গড়ে তোলা অন্যান্য অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের দাবী জানান এলাকাবাসী।
পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, নালা দখল করে নালার উপর বহুতল ভবন নির্মাণ চলছে। একই সাথে ভরাট করে নালা ছোট করে ফেলা হয়েছে। সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ চলছে। এ অবস্থা চলতে থাকলে পুরো এলাকা পানিতে প্লাবিত হবে। এটি পরিদর্শন করে প্রশাসনের সংশ্লিষ্ট মহলে অবহিত করার পর প্রশাসন দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এতে বিশাল এলাকা পানিবন্ধি থেকে মুক্ত হবে।
কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমান বলেন, ‘নালা দখলের অভিযোগ পাওয়ার পর দুই দিন আগে পরিদর্শন করা হয়েছে। এরপর আজ স্থাপনা উচ্ছেদ করা হলো। সরকারি জমি দখল ও নালা দখল করে স্থাপনা নির্মাণের কোন সুযোগ নেই।’
কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, অভিযানে লিংকরোড এলাকার উত্তর মহুরিপাড়ার মৃত মোহাম্মদ হোছনের পুত্র জাফর আলম অবৈধ স্থাপনা স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়। সেই সাথে উপজেলা পরিষদের বরাদ্দে নির্মিত গাইড ওয়াল ও নালা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় অন্যান্য অবৈধ স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।
অভিযানে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া, সদরের সহকারী কমিশনার (ভুমি) মো. জিল্লুর রহমান, সহকারী ইউনিয়ন ভুমি কর্মকর্তা মো. আবুল কাশেম এবং ব্যাটালিয়ান ফোর্স।
Leave a Reply