সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
ইব্রাহিম খলিল।।
কক্সবাজার শহরের চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার এজাহারভূক্ত আসামী রানা (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
আটক রানা শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়াস্থ সমিতিবাজার এলাকার মৃত মোহাম্মদ প্রকাশ পুদিনার ছেলে।
বুধবার (২৯ জুন) রাত সাড়ে ৩ টায় কক্সবাজার শহরের সমিতিবাজার এলাকায় অভিযান চালিয়ে শহর পুলিশ ফাঁড়ির একটি টিম তাকে গ্রেপ্তার করে।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি ঘটনার সহিত জড়িত মর্মে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে। উক্ত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, গেলো বছরের ৩১ মে দক্ষিণ রুমালিয়ারছড়াস্থ সিকদার বাজার এলাকায় আশু আলী ও রায়হান বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় আশু আলী গ্রুপের হাতে রায়হান বাহিনীর প্রধান রায়হান ও শাহেদ নিহত হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গিয়াস বলেন, নিহত দুইজনের মধ্যে রায়হান চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে দুইটি হত্যা ও একটি ছিনতাইয়ের মামলা আছে। আর সাহেদ সম্প্রতি নারী নির্যাতন মামলায় জেল থেকে বেরিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মামুনুল ইসলাম বলেন, ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রায়হান গ্রুপ ও আশু আলী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।
এর মধ্যে রায়হান গ্রুপের হাসান নামের এক যুবককে অপহরণের অভিযোগ ওঠে আশু আলীর গ্রুপের বিরুদ্ধে। তাকে উদ্ধারে রায়হান গ্রুপের লোকজন ঘটনাস্থলে গেলে দুই গ্রুপের সংঘর্ষ হয়।
এ সময় সাহেদ গুলিবিদ্ধ হন ও রায়হানকে কুপিয়ে জখম করা হয়। ঘটনাস্থলে সাহেদ ও হাসপাতালে রায়হানের মৃত্যু হয়। সাহেদ ছিলেন রায়হানের প্রধান সহযোগী।
উল্লেখ্য, ওই ঘটনার একদিন পর বুধবার সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন সাহেদের বাবা ফজলুল হক।
Leave a Reply