সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
কাজল কান্তি দে।।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) কক্সবাজারের উদ্যোগে পর্যটন নগরী কক্সবাজারে মহা ধুমধামে অনুষ্ঠিত হয়ে গেল শ্রী শ্রী জগন্নাথ দেব’র রথযাত্রা মহোৎসব’২২।
কক্সবাজার শহরের ঘোনারপাড়াস্থ শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে রথযাত্রার এই অনুষ্ঠান শুরু হয়।
বিকাল ৩ টায় শুরু হওয়া রথযাত্রার উদ্বোধনী অনুষ্টানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার মান্যবর পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি বাবুল শর্মা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু উজ্জল কর, সাধারণ সম্পাদক বেন্টু দাশ, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দীপক দাশ, সদর পুজা উদযাপন পরিষদের সভাপতি এড. বাপ্পী শর্মা, সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমসহ ইস্কন সন্ন্যাসীবৃন্দ, দেশ- বিদেশী অতিথিবৃন্দ, প্রশাসনিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন-শ্রী শ্রী জগন্নাথ দেব’র রথযাত্রা বিশ্ব-ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য নিদর্শন। আজকের এই দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই উৎসবে একাত্বতা প্রদান করে “ধর্ম যার যার, উৎসব সবার ” এই শ্লোগানকে সার্থকতা প্রদান করেন। সময়ের ব্যস্ততার জন্য যারা ভগবানকে দর্শন করার জন্য তার শ্রীমন্দিরে যেতে পারেন না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথদেব রূপে আজকের এই দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে কৃপা করার জন্য তার রাজপ্রাসাদ দ্বারকা ছেড়ে সুন্দরাচল বৃন্দাবনের উদ্দ্যেশ্যে যাত্রা করেন। সেখানে তার হাজার হাজার ভক্ত তার আগমনের প্রতিক্ষা করেন।
এছাড়া, আই বি পি মাঠস্থ হরিমন্দিরকে এবছর রথযাত্রার মাসীর বাড়ী (গুন্ডিচা মন্দির) করা হয়েছে। রথযাত্রা উৎসব উদযাপন এর ধারণাটি বহু প্রাচীনকাল থেকেই একটি সাধারণ প্রথা, যা বহু ধর্মালম্বী মানুষের মধ্যে ও দেখা যায়। হিন্দু ধর্মালম্বীদের প্রধান উৎসবগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হল রথযাত্রা যা অনেক সময় রথের উৎসবও বলা হয়।
এদিকে, কক্সবাজার ইস্কন রথযাত্রার শুভ উদ্বোধনী অনুষ্ঠান শেষে রথযাত্রা বিশাল র্যালীটি সুবিশাল রথসহকারে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুগন্দা পয়েন্ট হয়ে লাবনী পয়েন্ট সমুদ্র সৈকত হয়ে আই বি পি মাঠস্থ শ্রী শ্রী হরি মন্দিরে এসে শেষ হয়। অনুষ্ঠান শেষে যথাবিধি মাঙ্গলিক অনুষ্ঠান শেষে জগন্নাথদেবকে মাসির বাড়িতে স্থাপন করা হয়। রথযাত্রা শেষে সকলের উদ্দ্যেশ্যে আশির্বানী প্রদান করেন ইস্কন কক্সবাজার শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরের সম্মানিত অধ্যক্ষ শ্রীমান রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী।
দিনব্যাপী অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল, ভোর সাড়ে ৪টায় মঙ্গল আরতি, সকাল সাড়ে ৭টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রাজবেশে দর্শন, সকাল ৮টায় গুরু পুজা, সাড়ে ৮টায় শ্রী চৈতন্য চরিতামৃত থেকে জগন্নাথ লীলা পাঠ। সকাল ১০ টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিষ্টোম হোমযজ্ঞ, দুপুর ১২ টায় মধ্যহ্নকালীন ভোগারতি, দুপুর ১ টায় হাজার হাজার ভক্তদের মাঝে বিতরণ করা হয় জগন্নাথ দেবের মহাপ্রসাদ। দুপুর ২.৩০ মিনিটে ঐতিহাসিক গোলদীঘি চত্বরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্তন মেলা।
ধর্মীয় শাস্ত্রমতে, দুই বছর পর আবারও শ্রী শ্রী জগন্নাথ দেব তার ভ্রাতা বলরাম আর ভগ্নি শুভদ্রাকে নিয়ে জগৎবাসীকে কৃপা করার জন্য রাজপথে সুবিশাল রথসহকারে পরিভ্রমনে বের হন। সাথে ছিলেন হাজার হাজার ভক্ত দর্শনার্থীবৃন্দ।
Leave a Reply