সোমবার, ০১ Jun ২০২৬, ০১:২২ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যা মামলার ৪ আসামীর ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রিমান্ডপ্রাপ্তরা হলেন, মামলার প্রধান আসামি আজিজুল হক সিকদার, দুই নম্বর আসামী ফিরোজ আলম, ১৫ নম্বর আসামি মোঃ মুন্না ও ১৭ নম্বর আসামি মোঃ রিয়াজ।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাবেদের আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের কৌসুঁলী সৈয়দ রেজাউর রহমান রেজা জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে আদালতে আসামীদের ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। এর প্রেক্ষিতে আদালত প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ৩ জুলাই সন্ধ্যায় খুরুশকুলে পুলিশের সামনে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের ভাই নাছির উদ্দিন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭/৮ জনকে অভিযুক্ত করে কক্সবাজার সদর থানায় মঙ্গলবার রাত ১১ টার দিকে মামলা দায়ের করেন। এদিকে, মামলায় অভিযুক্তদের মধ্যে ৮ জন পুলিশের হাতে ও ২ জন র্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
সুত্রে জানা গেছে, ফয়সাল হত্যাকান্ডের মুলহোতা আজিজ সিকদার বিএনপির রাজনীতির সাথে জড়িত হলেও কক্সবাজার জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারুফ আদনানের ঘনিষ্টজন। তাই নিহতের পরিবার বিষয়টি নিয়ে তেমন মুখ খুলছে না। প্রধান হত্যাকারী আজিজ সিকদারকে এব্যাপারে আলাদাভাবে রিমান্ডে আনলে মারুফ আদনানের সহযোগিতা আছে কি না জানতে পারবে পুলিশ প্রশাসন, এমনদাবী স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। ফয়সাল হত্যাকান্ডের প্রধান হত্যাকারীর সাথে মারুফ আদনানের ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে পাবলিশ হলে বিষয়টি নিয়ে নতুনভাবে ভাবিয়ে তুলেছে সচেতনমহলকে।
এবিষয়ে জানতে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রসঙ্গতঃ নিহত ফয়সাল উদ্দীন (২৫) কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ওই এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে। এই ঘটনার দুইদিন পর কক্সবাজার সদর মডেল থানায় মামলা রেকর্ড করা হয়।
Leave a Reply