সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
মো.শাহাদত হোছাইন।।
কক্সবাজারে ছাত্রলীগ নেতা ইমন হাসান মওলা হত্যাকান্ডের মূলহোতা আব্দুল্লাহ খান (২৭)কে গ্রেফতার করেছে র্যাব। এই ঘটনায় সন্দেহভাজন আরো দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
আটক আব্দুল্লাহ খান কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের পেশকারপাড়ার খাইরুল আহমদের ছেলে।
রবিবার (২৪ জুলাই) ভোরে টেকনাফ উপজেলার কচুবনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন।
রবিরার র্যাব-১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ধৃত আব্দুল্লাহ খানের স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি বলেন, গেলো বছরের শেষের দিকে কক্সবাজার শহরে ইমন হাসান মওলার বাবার সাথে আব্দুল্লাহ খান ও তার সহযোগীদের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এর জের ধরে ইমন ও আব্দুল্লাহ খানের সহযোগিদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরই জেরধরে আব্দুল্লাহ খান এর পরিবার ইমন ও তার সহযোগিদের নামে একটি মামলা দায়ের করে। (যার এফআইআর নং কক্স সদর-৪১/৬৭৯)। ওই ঘটনার প্রতিশোধ নিতে আব্দুল্লাহ খান সুযোগ খুঁজতে থাকে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২১ জুলাই রাতে হত্যাকান্ডটি সংঘটিত করে। হত্যাকান্ডে আব্দুল্লাহ খান এবং তার সহযোগীরা ১টি চাপাতি ও ১টি ছুরি ব্যবহার করে।
এদিকে, রবিবার (২৪ জুলাই) দুপুরে ইমনের বাবা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ৮ জনকে এজাহার নামীয় ও ৭/৮ জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
কক্সবাজার সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা মো.সেলিম উদ্দিন জানান, ইমন হত্যাকান্ডে মামলায় আব্দল্লাহ খান প্রকাশ আব্দু খান, রমজান আলী,আব্দুল্লাহ আহাদ ছোটন,ছৈয়দ আকবর, মুন্না (কালা মুন্না), মোহাম্মদ সানি, মোহাম্মদ জুয়েল প্রকাশ ফরহাদ ও মোহাম্মদ তৌহিদকে আসামী করা হয়েছে। এ ছাড়াও ৭/৮ জন অজ্ঞাতনামা আসামী করা হয়েছে মামলায়। এই হত্যাকান্ডে সন্দেহভাজন ২ জনকে গ্রেফতার করে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
একটি সুত্র জানায়, মামলার অন্যতম আসামী মুন্না প্রকাশ কালা মুন্না কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কট্টর অনুসারী। ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিহত ইমন হত্যার তার আরো কয়েকজন অনুসারী জড়িত বলে এলাকাবাসীর দাবী। এছাড়া, ছাত্রলীগের সাধারণ সম্পাদকের আশ্রয় প্রশ্রয়ে থাকেন একদল অপরাধী এবং শহরে বিভিন্ন অপরাধের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত। ছাত্রলীগ সাধারণ সম্পাদকের অনুসারীদের হাতে খোদ পদবীধারী ছাত্রলীগ নেতা ইমন খুন হওয়ার ঘটনায় ভাবিয়ে তুলেছে এলাকাবাসীকে।
প্রসঙ্গত, কক্সবাজার শহর ছাত্রলীগের আওতাধীন ৪নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওই এলাকার ব্যবসায়ী মোহাম্মদ হাসানের ছেলে ইমন হাসান মওলা ২১ জুলাই রাত সাড়ে ৯ টার দিকে কক্সবাজার শহরের পেশকার পাড়া সংলগ্ন সিকো বরফ কল পয়েন্টে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে সে মারা যায়।
Leave a Reply