সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার শহরের হোটেল সী-কক্স এর স্টাফ কোয়ার্টার থেকে ম্যানাজারের খালেদ আশরাফ বাপ্পীর (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত খালেদ আশরাফ বাপ্পী পিএমখালী বাংলাবাজার নোয়াপাড়া এলাকার প্রবাসী আব্দুল গফুরের ছেলে। কক্সবাজার সরকারী কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র।
শনিবার (৬ আগষ্ট) দিবাগত রাত এগারোটার দিকে হোটেল সী-কক্সের স্টাফ কোয়ার্টারের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
হোটেলের এজিএম রিদুয়ান হাসান বিপু বলেন, বাপ্পী সকাল ৬ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ডিউটি করেছেন। স্টাফ কোয়ার্টারে গিয়ে মূলত দূর্ঘটনাটি ঘটেছে। ডিউটি পালনরত অবস্থায় তিনি খুবই স্বাভাবিক ছিলেন। আমরাও বুঝতে পারছি না কেন সে আত্মহত্যা করবে। সে আত্মহত্যা করতে পারে এমন ছেলে নয়।
তিনি বলেন, হোটেলে ম্যনেজারের দায়িত্ব পালনের পাশাপাশি টুকটাক ব্যবসাও করতো সে। টাকা লেনদেনের বিষয়ে বিভিন্ন সময় মোবাইলে ব্যস্ত থাকতে দেখতাম।
হোটেল কর্তৃপক্ষ জানায়, রাত এগারোটার দিকে সহকর্মীরা তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে তার পরিবারকে খবর দেয়া হয়।
নিহতের ছোট ভাই রিহাদ জানান, আমার ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান। আমার ভাইয়ের সাথে মুফিজ নামের এক যুবকের সাথে ব্যবসায়ীক সাড়ে ৮ লক্ষ টাকার লেনদেন ছিলো। মুফিজ টাকা ফেরত দেয়ার কথা বলে বারবার প্রতারণা করে আসছে। আমার ধারণা ঠান্ডা মাথায় আমার ভাই বাপ্পীকে হত্যা করা হয়েছে।
কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দীন জানান, আমাদের একটি টিম রাত থেকে কাজ করছে। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
এদিকে, ঘটনার খবর পেয়ে হোটেল সী-কক্স এবং স্টাফ কোয়ার্টার পরিদর্শন করছেন র্যাব-১৫ এর সদস্যরা।
Leave a Reply