সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
কাজল কান্তি দে।।
কক্সবাজারের নাজিরারটেক মোহনায় ট্রলারডুবির ঘটনায় আরও তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া মরদেহগুলো হলো, হোসেন আহমদ, আজিজুল হক ও মোহাম্মদ আবছার। হোসেন ও আবছারের বাড়ি সদর উপজেলার খুরুশকুলের পূর্ব হামজার ডেইল এলাকায় আর আজিজুলের বাড়ি একই ইউনিয়নের মামুনপাড়ায়।
রোববার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মহেশখালীর অদুরে তাদের মরদেহ ভাসতে দেখেন জেলেরা। পরে স্বজনরা কোস্ট গার্ডের সহায়তায় মরদেহ তিনটি উদ্ধার করে।
দুর্ঘটনাকবলিত ট্রলারের মালিক জাগের হোসেন বলেন, বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় এ নিয়ে মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলো।
কোস্ট গার্ড পূর্ব জোনের কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, গত শুক্রবার বিকেলে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং ট্রলার। ট্রলারের ১৯ জেলের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড। অন্য ট্রলারে তীরে ফেরেন আরও তিনজন।
নিখোঁজ আটজনের মধ্যে শনিবার তৈয়ব ও সাইফুল নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি ছয়জনের মধ্যে আজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, নিহতের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহযোগিতা প্রদান করেন কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জকরিয়া।
Leave a Reply