সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
মো.শাহাদত হোছাইন।।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মো. নুরুল আবছার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এটি নিশ্চিত হওয়া গেছে।
মঙ্গলবার (২৩ আগষ্ট) জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আইন ২০১৬ এর ৫(২) অনুযায়ী বাংলাদেশ নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মো. নুরুল আবছারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মোহা. রফিকুল ইসলাম এর সাক্ষরিত আদেশের স্বারক নং হলো-
০৫.০০.০০০০.১৪৬.০২.০২৩. ১৭/২৭০/১(৩০)।
সুত্রে জানা গেছে, নতুন কউক চেয়ারম্যান নুরুল আবছার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা (খোন্দকার পাড়া) এলাকার মরহুম নুরুল ইসলামের বড় ছেলে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সাবেক পরিচালকও ছিলেন তিনি। এছাড়া, তার আরো ২ ভাই রয়েছে। তন্মধ্যে নুরুল আজিম অব. ব্রিগেডিয়ার জেনারেল ও নুরুল আনোয়ার রাষ্ট্রপতির কার্যালয়ে এএসপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সুত্র মতে, প্রতিবারই দুই বছর মেয়াদের চুক্তিতে ফোরকান আহমদকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব দেয়া হয়। সবশেষ ২০২০ সালের ১৩ আগষ্ট দুই বছরের চুক্তিতে তৃতীয় বারের মতো তিনি কউক চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন।
২০১৬ সালে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে দেশের পঞ্চম উন্নয়ন কর্তৃপক্ষ হিসেবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রা শুরু করেছিল। ফোরকান আহমদ ওই সময় কউকে’র প্রথম চেয়ারম্যান নিযুক্ত হন।
এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালনার পরিচালনার জন্য জেলা প্রশাসককে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়। ২০১৬ সালের ১৩ মার্চ ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন’ জাতীয় সংসদে পাস হয় এবং ওই বছরের ১৪ আগষ্ট ফোরকান আহমদ যুগ্ম-সচিব পদমর্যাদায় কউক চেয়ারম্যান হিসেবে প্রথমবার দায়িত্ব নেন।
উল্লেখ্য, শুরু থেকেই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে টানা তিন দফা দায়িত্ব পালন করে ব্যাপক উন্নয়নের মধ্যদিয়ে বেশ সুনাম অর্জন করেছেন লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ।
Leave a Reply