সোমবার, ০১ Jun ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, কক্সবাজার জেলায় মাদক কারবারিদের নিয়ে সদ্য প্রকাশ হওয়া তালিকা যাচাই-বাছাইয়ের পর ব্যবস্থা নেওয়া হবে। তালিকায় কারও নাম এলো বলে তিনি দোষী হয়ে যাননি। সব বিষয় তদন্ত করে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন সেক্টর থেকে আমরা অনেক তথ্য পাই। তা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হয়। যে তালিকা এখন পাওয়া গেছে তা নিয়েও যাচাই-বাছাই চলছে।
রবিবার (১৫ জানুয়ারি) দুপুর কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে একাদশ জাতীয় সংসদের ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৬ তম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ ও সন্ত্রাসী কার্যক্রম করে কেউ পার পাবে না। রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ ও সন্ত্রাস কার্যক্রমের বিষয়ে শুনেছি অবশ্যই আমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব। রোহিঙ্গা ক্যাম্পে চুরি,ডাকাতি, অপহরণ হতে দেব না।
সূত্রে জানা যায়, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে প্রায়ই ঘটছে গোলাগুলি ও হত্যাকাণ্ড। টেকনাফে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটছে একের পর এক। সীমান্তের ওপারে মিয়ানমারে সংঘর্ষ, গোলাগুলির কারণে উখিয়া ও টেকনাফের বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। এ পরিস্থিতিতে কক্সবাজারে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক।
এসময় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য বেনজীর আহমেদ, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সামছুল আলম দুদু ও সংসদ সদস্য মোহাম্মদ হাবিবর রহমান। ওই সময় পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান ও কক্সবাজার জেলা পুুলিশ সুপার মাহফুজুল ইসলাম পিপিএম বার সহ সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার বিকেল ৫ টার দিকে দুইদিনের সফরে কক্সবাজার আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা থেকে বিমান যোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ (মহেশখালী- কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তাপস রক্ষিত সহ অন্যান্য নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
Leave a Reply