সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সিএনটি ডেস্ক।।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান ও তাঁর বাবা জেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হক মুকুলের বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এর পাশাপাশি জমির মালিক কে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
বুধবার কক্সবাজার জেলা প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নাছির উদ্দীন চৌধুরী নামে এক ব্যক্তি।
তিনি কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প এলাকার সিকদারপাড়া সমাজ কমিটির সভাপতি।
লিখিত বক্তব্যে নাছির বলেন, পূর্ব সিকদারপাড়া এলাকায় ৮০ শতক পৈতৃক জমিতে দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে বসবাস করে আসছেন। জায়গাটি মূলত বাড়ি, বাগান, পুকুর ও নাল শ্রেণির জমি। ৫ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে একদল লোক নিয়ে মুকুল জমি দখল করতে যান। এ সময় নাছির ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দখলকারীরা পালিয়ে যায়। নাছির দাবি করেন, এর পর থেকে মুকুল ও আদনানের পক্ষে কিছু লোক তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
নাছির বলেন, তাঁর বোনের ছেলের কাছ থেকে ৯০ শতক জমি পাওয়ার অব অ্যাটর্নির (দু’পক্ষের চুক্তি) মাধ্যমে নেন মারুফ। পরে সাত দিনের মাথায় মারুফ তাঁর বাবা মুকুল একটি বায়না দলিল তৈরি করেন। এ ৯০ শতক জমি থেকে ২০ শতক নাল জমি বিক্রয় দেখিয়ে জমির মোট মূল্য ১ কোটি ৪৯ লাখ টাকা ধার্য করে সেখান থেকে ৭০ লাখ টাকা নেন মারুফ।
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা মারুফ সমকালকে বলেন, কেনা জমিতে কাজ করার জন্য মালপত্র নিয়ে শ্রমিকরা যান। রাতে পাহারা দেওয়ার জন্য সাজেদুল করিম নামে একজনকে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব দিয়ে আসি। কিন্তু রাতের আঁধারে নাছির তাঁর লোকজন নিয়ে অতর্কিত হামলা চালিয়ে সাজেদুলকে গুরুতর আহত করেন। গত মঙ্গলবার কক্সবাজার সদর মডেল থানায় সাজেদুল এজাহার জমা দিয়েছেন নাছিরের বিরুদ্ধে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা মুকুল সমকালকে বলেন, জমি নাছিরের ভাগনের কাছ থেকে কেনা। আমাদের জমিতে গিয়ে তাঁরা আমার কেয়ারটেকারকে মারধর করে জিনিসপত্র ভাঙচুর করেছে। এক প্রশ্নের জবাবে মুকুল বলেন, আমরা হুমকি দেব কেন। চাইলে মারতে পারি, কিন্তু সেটা আমরা করব না।
এর আগে গত ১৫ জুন কক্সবাজার শহরে বাঁকখালী নদীতীর দখল করে প্যারাবন কাটার অভিযোগে ছাত্রলীগ নেতা মারুফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল ইসলাম মামলাটি করেন।
(সুত্র-দৈনিক সমকাল)
Leave a Reply