সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
ইমরান জাহেদ।।
কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নূর হাবিব ওরফে ডা. ওয়াক্কাস (৪৫) নামের এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার মধ্যরাতে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত নূর হাবিব ৯ নম্বর ক্যাম্পের নেতা (মাঝি) ছিলেন। এ ছাড়াও সাধারণ রোহিঙ্গাদের তথ্য মতে, তিনি ছিলেন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার একজন শীর্ষস্থানীয় কমান্ডার। ক্যাম্পগুলোতে একের পর এক হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনায় নূর হাবিবের সঙ্গে দলীয় নেতাদের দ্বন্দ্ব চলে আসছিল কিছুদিন ধরে। এসব ঘটনার জের ধরে নিজ দলের সন্ত্রাসীদের হাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।
এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমেদ জানান- ‘আধিপত্য বিস্তার ও দুস্কৃতিকারী সংগঠনগুলোর মধ্যে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
তিনি আরো জানান, নিহত নূর হাবিব প্রকাশ ডাক্তার ওয়াক্কাস (৪৫) রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা’র শীর্ষ কমান্ডার। রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ডসহ নানা অপরাধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার মধ্যরাতে ২৫-৩০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল রোহিঙ্গা নেতা নূর হাবিবকে ঘুমন্ত অবস্থায় টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসা হয়। এরপর ব্লক সি-৩ এর মৌলভী ইয়াছিনের শেডের সামনে গুলি করে সন্ত্রাসীরা। গুলির করার পর কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন। পরে ক্যাম্পের হাসপাতালে নিলে চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply