সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
কাজল কান্তি দে।।
কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসিদের কাছে অস্ত্র সরবরাহকারী মোঃ আরিফ হোসেন নাইগ্যা নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব-১৫।
শনিবার (৮ এপ্রিল) দুপুর ১২ টার দিকে র্যাব-১৫ এর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল সাইফুল আলম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে খুন, ধর্ষণ, অপহরণ, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। আর এসবের জন্য সাধারণ রোহিঙ্গারা দায়ী করেন কথিত রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসাকে। আর এই সন্ত্রাসী গ্রুপ আরসাকে অস্ত্রের জোগান দিয়ে আসছে তাদের কিছু অস্ত্র সরবরাহকারি সদস্য। গত বৃহস্পতিবার এমনই ৩ সদস্যকে আটক করেছিল র্যাব। একদিন না পেরোতেই আবারও এক অস্ত্র সরবরাহকারিকে আটকের পর এমনই তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব বলছে, আটকের পর আরিফ হোসেন প্রকাশ নাইগ্যা জানান সে দীর্ঘদিন যাবৎ মহেশখালীসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে আরসা’র সন্ত্রাসী গ্রুপের সদস্যসহ অন্যান্য দুষ্কৃতিকারীদের কাছে পৌঁছে দিতো। আটকের সময় তার কাছ থেকে ৩টি ওয়ান শুটার গান, ১টি থ্রি কোয়াটার গান, ৫ রাউন্ড তাজা কার্তুজ, ১টি মোবাইল সহ নগদ টাকা উদ্ধার করা হয়।
এদিকে, উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ সহ আটক আরিফ হোসেন এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানায় র্যাব।
Leave a Reply