কক্সবাজারের টেকনাফে পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার হয় তিন বন্ধু। অবশেষে ২৫ দিন পর ওই তিন বন্ধুর মৃতদেহ উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বুধবার (২৪ মে) দুপুরে টেকনাফ দমদমিয়াস্থ গহীন পাহাড় থেকে গলিত ৩ মৃতদেহ উদ্ধার করে র্যাব এবং পুলিশের দুইটি টিম।
উদ্ধার হওয়া মৃতদেহগুলো হলো- কক্সবাজারের আ উপজেলার জালালাবাদ সওদাগরপাড়া এলাকার মৃত নুরুল কবিরের ছেলে মোহাম্মদ ইউসুফ (৩০), কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী এলাকার মোহাম্মদ আলমের ছেলে জমির হোসেন রুবেল (২৮) এবং কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার মো.ইব্রাহিমের ছেলে ইমরান সরকার (২৮)। তারা তিনজনই ঘনিষ্ট বন্ধু বলে জানা যায়।
একটি সুত্র জানায়, তারা টেকনাফের হাবিরছড়া এলাকায় পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার হয়। পরে তাদেরকে ছেড়ে দিতে অপহৃতদের পরিবারের কাছে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে নির্যাতনের ভিডিও পাঠায় অপহরণকারীরা। এদের মধ্যে একটি পরিবার এক লক্ষ টাকা মুক্তিপণ দিয়েছে বলেও জানা গেছে।
পুলিশ জানায়, অপহৃত তিন বন্ধু গত মাসের ২৮ এপ্রিল বেড়ানোর কথা বলে টেকনাফের উদ্দেশ্যে যায়। যাত্রাপথে সড়ক থেকে সিএনজি থামিয়ে একদল অপহরণকারী তাদেরকে পাহাড়ের গভীর জঙ্গলে নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দিতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী কয়েকটি বাহিনীর সাথে যোগাযোগ রক্ষা করেন। কিন্তু গভীর জঙ্গল হওয়ায় এবং অপহরণকারীরা বারবার স্থান পরিবর্তন করায় অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় একজনকে আটক করে র্যাব। তার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ এবং র্যাবের কয়েকটি টিম পাহাড়ে অভিযান চালিয়ে গলিত ৩ মৃতদেহ উদ্ধার করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply