বিশেষ প্রতিবেদক।।
দীর্ঘ ১৪ বছর পর কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে কাল ২৮ জুলাই। বহুকাংখিত এ সম্মেলনে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে কারা আসছে এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। কমিটি ঘোষণা আসতে পারে কেন্দ্র থেকে এমন দাবীও করেন কয়েকজন নেতা।
শুক্রবার বিকাল ৩ টায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো: রহিম উদ্দিনের সভাপতিত্বে
কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠে (গোল চত্বর মাঠ) সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।
সরেজমিনে জানা গেছে, সম্মেলনকে ঘিরে মাঠকে সাঁজানো হয়েছে রঙ্গিন সাঁজে। নির্মাণ করা হয়েছে সুবিশাল প্যান্ডেল। এই উপলক্ষে মাঠের আশে-পাশের রাস্তাগুলো ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। স্বাগত জানিয়ে তৈরি করা হয়েছে ভিআইপি তোরণ। নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দ ধারা। প্রাণ সঞ্চার তৈরি হয়েছে এই সংগঠনে।
নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৪ বছর পর কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। এতে নতুন নেতৃত্বে কারা আসছে এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, সাবেক সহ-সভাপতি এড.একরামুল হুদা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, সাবেক জেলা সদস্য কাজী রাসেল আহমদ নোবেল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম, সাবেক ছাত্রলীগ নেতা আবদুল হামিদ ফয়সালের নাম ব্যাপকভাবে আলোচনায় রয়েছে। দলটির অধিকাংশ নেতাকর্মীর ধারনা এদের মধ্যে থেকে নতুন নেতৃত্বে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুই পদে অর্ধ শতাধিক প্রার্থী
রয়েছেন বলে জানা গেছে। কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন করতে দাবী জানান
তারা।
কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. রহিম উদ্দিন ও সদস্য সচিব এডভোকেট একরামুল হুদা জানান, অনুষ্ঠিতব্য জেলা সম্মেলন ও কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অর্ধ-শতাধিক প্রার্থী জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। সম্মেলন সফল করতে সকল উপজেলা পর্যায়ে প্রস্তুতি সভা করা হয়েছে। সম্মেলনে ২ হাজার ডেলিগেট ও ৪৮০ জন কাউন্সিলর ছাড়াও ২০ হাজার নেতাকর্মী নিয়ে স্বেচ্ছাসেবক লীগের মিলনমেলায় পরিণত হবে জেলা স্বেচ্ছাসেবক লীগের এই সম্মেলন।
সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা বদ্ধপরিকর। সম্মেলনকে ঘিরে সাধারণ কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে আমরা জানান দিতে চাই, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রার্থীদের বিজয়ী করতে আমরা আওয়ামী পরিবারের সকলেই ঐক্যবদ্ধ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম। সম্মেলন উদ্বোধন করবেন-বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু প্রধান বক্তার বক্তব্য রাখবেন। ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশ থাকার কারণে শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত না থাকতে পারে বলে ধারণা করছেন। এতে করে কমিটি ঘোষণা কেন্দ্র থেকে হতে পারে বলে জানা গেছে।
এতে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কক্সবাজারের সংসদ সদস্যগণ। অনুষ্ঠিতব্য সম্মেলন সঞ্চালনায় করবেন- সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এডভোকেট একরামুল হুদা।
Leave a Reply