সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার বিমানবন্দরে দুই বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আটকদের দেয়া তথ্য মতে ঢাকায় আটক হয়েছে এক বোনের স্বামীকে। পেটে ইয়াবা বহন করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে বিমানবন্দরেই
আটক দুই নারী থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় কক্সবাজার বিমানবন্দরে এ অভিযান চালানো হয় বলে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক এ.কে এম দিদারুল আলম।
আটকরা হলো, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল বশরের ছেলে আকতার হোসেন (৩২) এবং তার স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)।
দিদারুল আলম বলেন, টেকনাফ থেকে ইয়াবার চালান বিমান যোগে ঢাকায় পাচার করা হবে এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কক্সবাজার বিমানবন্দরে অবস্থান করে। এক পর্যায়ে ইয়াবার চালান বহনকারি তিনজনকে শনাক্ত করতে সক্ষম হয়। এদের মধ্যে জামিলার স্বামী আকতার হোসেন আগেই একটি ফ্লাইটে ঢাকার উদ্দ্যেশে রওনা দেন। কৌশলগত কারণে আকতার হোসেনকে প্রথমে আটক করা হয়নি। সে আলাদা ফ্লাইটে ঢাকা রওনার পর দুই বোনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তারা পেটে ইয়াবা বহনের তথ্য স্বীকার করে।
এই কর্মকর্তা আরও বলেন, দুই বোনকে আটকের পরে একটি প্যাথলজি সেন্টারের ল্যাবে গিয়ে এক্সেরে করা হয়। এতে তাদের পেটে ইয়াবার চালান থাকার তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়। আটক দুই বোনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এনে বিশেষ প্রক্রিয়ায় ইয়াবা বের করার কার্যক্রম শুরু করা হয়।
এদিকে, আটকদের স্বীকারোক্তিতে ইয়াবা বহনের সত্যতা নিশ্চিতের পর ঢাকা বিমানবন্দর থেকে উম্মে জামিলার স্বামী আকতার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক আরেকটি দল আটক করেছে বলে জানান তিনি। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply