বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার পৌরসভাধীন ১নং ওয়ার্ডের সমিতি পাড়ার ‘আলোচিত প্যাকেজ বিউটি’কে তার দুই সহযোগীসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসাথে তাদের ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়। এই ঘটনায় পুরো সমিতিপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটকরা হলেন- টেকনাফের উত্তরপাড়া এলাকার বাসিন্দা মো. মাসুদ শরিফ (২২), কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মোসা. বিউটি (২৭) ও মোসা. মাহিম (১৯)।
শুক্রবার (১০ এপ্রিল) ভোররাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।
বিজিবি জানায়, ভোর ৪টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। একপর্যায়ে গাড়িটির তেলের ট্যাংকের ভেতরে কসটেপ দিয়ে মোড়ানো ২১টি পোটলা পাওয়া যায়। পোটলাগুলো খুলে প্রায় ৪২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। পাশাপাশি তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কে এই আলোচিত প্যাকেজ বিউটি?
কক্সবাজার পৌরসভাধীন সমিতিপাড়া এলাকার ২নং গলির বাসিন্দা মোসা. বিউটি (২৭) ওরফে প্যাকেজ বিউটি। ১০ বছর আগে সাতকানিয়া এলাকার ফাহিমকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করে আসছিল। তাদের সংসারে ইলহাম নামের ৭ বছরের একটা ছেলে সন্তান রয়েছে। তার বেপরোয়া চাল-চলনে স্বামী তাকে ডিভোর্স দিয়ে বিদেশ চলে যায়। স্থানীয় শিল্পী মুন্নী চৌধুরীর সাথে পরিচয় হয়ে যোগদেন প্যাকেজ প্রোগ্রামে। শিল্পী গান গাইলে বিউটি নাচেন গানের তালে তালে। প্যাকেজ প্রোগ্রামে গিয়ে টেকনাফে পরিচিত হয় ইয়াবা ভেন্ডার রুবেলের সাথে। কোটিপতি হওয়ার স্বপ্নে বিয়ে করেন রুবেলকে জানায় এলাকাবাসী। রুবেল টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরুল বশরের ছেলে বলে জানা গেছে।
টেকনাফ থেকে রুবেলের ইয়াবার চালান নিয়ে এসে সমিতিপাড়াসহ শহরে বিক্রি করে প্যাকেজ বিউটি। তার সিন্ডিকেট এখন ওপেন-সিক্রেট। সিন্ডিকেটের অন্যতম সদস্যরা হলেন- সমিতিপাড়ার মিজান, মনির, সাইফুল, ফয়েজ সহ অনেকে। ইয়াবা বিক্রির নিরাপদ স্টকহোম প্যাকেজ বিউটির ওই বাড়ি। এলাকাবাসী জানলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকার কারণে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে মুখোশ উম্মোচিত হলো।
তার সাথে আটক অন্যজন হলো-একই এলাকার ৪নং গলির মোসা. মাহিম (১৯) ওরফে কাকলী। তাকে লাখপতি বানানোর স্বপ্ন দেখিয়ে সহযোগী হিসেবে ব্যবহার করছে এই প্যাকেজ বিউটি।
জব্দ প্রাইভেটকারটি প্যাকেজ বিউটির নতুন স্বামী রুবেলের বলে একটি সুত্রে জানা গেছে। আটক গাড়ি চালক টেকনাফের উত্তরপাড়া এলাকার বাসিন্দা মো. মাসুদ শরিফ (২২)।
Leave a Reply