একরাম জুয়েল।।
কক্সবাজারের উখিয়া থাইংখালীতে ইয়াবা লুঠের ঘটনা প্রকাশ করায় মোবাইল চুরির অপবাদ দিয়ে দুই যুবককে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়াতে বিষয়টি নিয়ে জেলার সর্বত্র প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে।
রবিবার (১৮ জুলাই) দুপুরে উখিয়ার দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করে।
আটকরা হলেন, উখিয়া থাইংখালী মগপাড়ার বিল হাকিমপাড়া এলাকার মুফিজ উদ্দিন চৌধুরীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও মৃত নজু মিয়ার ছেলে আবদুস সালাম (৩৮)।
এদিকে, গত বুধবার (১৪ জুলাই) বিকাল ৫ টার দিকে থাইংখালী মগপাড়ার বিলের হাকিমপাড়া এলাকার একটি বসতবাড়ি উঠানে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। বিষয়টি ঘটনার ২ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
একপর্যায়ে ভিডিওটি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এর দৃষ্টিগোচর হয়।পরে উখিয়া থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদকে পাঠিয়ে আসামীদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতার আনার জন্য নির্দেশনা প্রদান করে। একই সাথে উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদকে বিষয়টি তদারকির জন্য বলা হয়।
এরইপ্রেক্ষিতে, উখিয়া থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদের নেতৃত্বে উখিয়া থানার একটি টিম তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি উখিয়া একইসাথে সাদা পোশাকে অপর একটি টিমকেও নিয়োজিত করেন। এই টিম দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্ত আব্দুস সালাম ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে।
কক্সবাজার জেলার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, সার্বিক বিষয়টি নিবিড়ভাবে তদারকি করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। নির্যাতনের এই ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত দুই সপ্তাহ আগে পালংখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পিছনের রাস্তা থেকে নির্যাতনকারী জাহাঙ্গীর ও আব্দুস সালাম এক অজ্ঞাত ইয়াবা ব্যবসায়ীর থেকে ১৪ হাজার পিস ইয়াবা কেড়ে নেয়। উক্ত ঘটনা নির্যাতিত দুই যুবক দেখে ফেলে এবং লোকমুখে বিষয়টি জানাজানি হওয়ায় নির্যাতনকারীরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে মোবাইল চুরির অপবাদ দিয়ে রশি দিয়ে বেঁধে নির্যাতন চালায়।
Leave a Reply