একরাম জুয়েল।।
কক্সবাজার সদরের খরুলিয়ায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মোর্শেদ কামাল নামে এক যুবককে হত্যা করা হয়। ওই মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি কফিল উদ্দিনকে (১৫) রামু জোয়ারিয়া নালা এলাকা থেকে জনতা ধৃত করে থানা পুলিশে সোপর্দ করে।
মঙ্গলবার (৩ আগস্ট) ভোর রাতে জোয়ারিয়ানালা থেকে স্থানীয় জনতা ধরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গ্রেফতারকৃত কফিল উদ্দিন ঝিলংজার ৮ নং ওয়ার্ডের খরুলিয়ার কোনারপাড়া গ্রামের গরু ব্যবসায়ী ফরিদের ছেলে।
ঝিলংজা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, খরুলিয়া ঘাটপাড়া এলাকার সৈয়দ আলমের পুত্র মোর্শেদ কামাল হত্যাকান্ডের প্রধান আসামী কফিল উদ্দিন গভীর রাতে চট্টগ্রাম থেকে ট্রাকযোগে কক্সবাজার আসার এমন খবর পায় স্থানীয় ট্রাক চালক নুরুল আজিম। এসময় আজিমসহ আরোও কয়েকজন যুবক মহাসড়কের জোয়ারিয়ানালা থেকে তাকে ধরে খরুলিয়া বাজারে নিয়ে আসেন বলে জানা গেছে।
পরে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনিরুল গীয়াসকে ফোন দিলে এস আই ফরিদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে হত্যা মামলার প্রধান আসামী কফিলকে পুলিশের হাতে সোপর্দ করে জনতা।
প্রসঙ্গত, গত ২৬ জুন বিকেলে কক্সবাজার সদরের খরুলিয়া ঘাটপাড়া এলাকায় কফিল উদ্দিন ও মোর্শেদ কামালের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় একে অন্যজনকে ইয়াবা কারবারি বলে তিরস্কার করলে ক্ষুব্ধ হয়ে মোর্শেদ কামালের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কফিল উদ্দীন। এতে গুরুতর জখমপ্রাপ্ত মোর্শেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ডুলাহাজারা পর্যন্ত গেলে গাড়িতে মোর্শেদ কামালের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত মোর্শেদ কামালের মা মোস্তফা বেগম বাদী হয়ে কফিল উদ্দিনকে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply