কক্সবাজারের টেকনাফে পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ ওয়াজ মাহফিলের মাইক লাগাতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত বশির আহমদ (১৬) দক্ষিণ রঙ্গিখালীর রশিদ আহমদের পুত্র বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯আগষ্ট) দুপুর ১টার দিকে টেকনাফের হ্নীলা উত্তর আলীখালী জামে মসজিদের ছাদে আশুরার মাহফিলের মাইক লাগাতে গিয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হ্নীলা উত্তর আলীখালী জামে মসজিদের ছাদে আশুরা উপলক্ষে বিশেষ ওয়াজ মাহফিলের মাইক লাগাতে যায় ওই যুবক। একপর্যায়ে ফিটিং করা ‘মাইকের তার’ কারেন্ট লাইনের উপর ছুঁড়ে মারার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দক্ষিণ রঙ্গিখালীর রশিদ আহমদের পুত্র বশির আহমদ (১৬) জ্ঞান হারিয়ে ছাদ থেকে মাটিতে পড়ে যায়। উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালের দিকে সে মৃত্যুবরণ করে বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।
নিহতের বড় ভাই দেলোয়ার জানান, মসজিদ মাইক লাগাতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আমার ভাই মারা যায়।
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, বিষয়টি নিহতের পরিবার থেকে আমাকে অবহিত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানায় একটি লিখিত আবেদন দায়েরের পর অনুমতি স্বাপেক্ষে নিহতের লাশ দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
Leave a Reply