১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। প্রথমদিন কেয়ারি ডাইন নামের জাহাজটি প্রায় সাড়ে ৩০০ যাত্রী নিয়ে যাত্রা করার কথা রয়েছে।
রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পর্যটন নিয়ে কাজ করা সংগঠন “পদক্ষেপ বাংলাদেশ” কক্সবাজার জেলা শাখার সভাপতি তোফায়েল আহমেদ।
তোফায়েল আহমেদ বলেন, এ বছর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলের অনুমতির জন্য কক্সবাজার জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ডাইন, পারিজাত, ফারহান, রাজহংস ও সুকান্ত বাবু নামে ছয়টি জাহাজ। যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে সব কাগজপত্র জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। এখন প্রথম জাহাজ ঠিকভাবে ফেরত আসলে বাকিরা হয়তো চলাচলের অনুমতি পেতে পারে। এছাড়াও সেন্টমার্টিন দ্বীপের একমাত্র জেটিটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করা যায়নি। এটি চলাচল উপযোগী করতে পারায় মঙ্গলবার থেকে পরীক্ষামূলক হিসাবে প্রথম জাহাজ যাত্রা শুরু করবে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে মঙ্গলবার থেকে ফের জাহাজ চলাচল শুরু হচ্ছে। আমরা গত ১ নভেম্বর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য জাহাজে করে সেন্টমার্টিন পরিদর্শনে গিয়েছিলাম। এখন ব্যবহার উপযোগী হওয়ায় জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়।
কেয়ারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কক্সবাজার অফিসের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন,
জেলা প্রশাসকের ছাড়পত্র পেয়েছি। মঙ্গলবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু করবে। আজ থেকেই দ্বীপে ভ্রমণকারীদের টিকেট বিক্রি শুরু করেছি।
বুকিংও ভালো হয়েছে।
Leave a Reply