সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারকে নিয়ে স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আবার আসিব ফিরে, এই কক্সবাজার সমুদ্রের তীরে। আমার বাবা যখন জেল থেকে বের হতেন, তখন আমাদের নিয়ে কক্সবাজারে আসতেন। আমরা এখানে ব্যাপক উন্নয়ন করেছি। এতই উন্নয়ন করেছি, একসময় দেখবেন এই কক্সবাজার সিঙ্গাপুরের চেয়ে সুন্দর হবে।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কুতুবদিয়া ও মহেশখালীতে আরও দুটি অর্থনৈতিক অঞ্চল করে দেব। আমাদের সবসময়ের লক্ষ্য এ অঞ্চলের উন্নয়ন। মানুষের সমস্যা আমরা জানি, আমরা সে অনুযায়ী কাজ করছি। আমি আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা ২০১৮ সালের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করেছিলেন। ২০০৮, ২০১৪, ২০১৮ বারবার আপনারা ভোট দিয়েছেন। আপনাদের ভোট বৃথা যায়নি।
আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, জিয়া ক্ষমতায় এসেছে, এরশাদ ক্ষমতায় এসেছে, খালেদা জিয়া ক্ষমতায় এসেছে-কেউ কক্সবাজারের উন্নয়ন করেনি। একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, তখনই এ অঞ্চলের উন্নয়ন হয়েছে। আজও কক্সবাজারে ২৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এসব উন্নয়ন প্রকল্প আমি বিজয়ের মাসে আপনাদের উপহার দিয়ে গেলাম।

এর আগে সভায় বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মাহবুব উল আলম হানিফ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ড. হাছান মাহমুদ এমপি, এড.সিরাজুল মোস্তফা, মোস্তাক আহমদ চৌধুরী, আমিনুল হক আমিন, ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, জাফর আলম এমপি, আশেক উল্লাহ রফিক এমপি প্রমুখ।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর ও দপ্তর সম্পাদক কাউন্সিলর এমএ মঞ্জুর।
এর আগে দুপুর ১২টার পর পবিত্র কোরআন তেলোয়াত, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মধ্যদিয়ে শুরু হয় জনসভা। এরপর স্থানীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন।
এদিকে, জনসভায় যোগদানের আগে বুধবার সকালে কক্সবাজারের উখিয়ার সমুদ্র তীরবর্তী ইনানীতে বাংলাদেশসহ ২৮টি দেশের নৌবাহিনী ও উপকূলীয় সংগঠনগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ৪ দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২ এর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a Reply