কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতে একটি মাদক মামলার পলাতক আসামি সেজে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে গিয়ে ধরা পড়েছেন মামুন নামের এক যুবক।
তিনি টেকনাফে ১ লাখ ১৬ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাবের দায়ের করা মামলায় পলাতক আসামি তোফায়েল সেজে আদালতে গিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীর সন্দেহ হওয়ায় জেরার একপর্যায়ে নিশ্চিত হওয়া গেছে তোফায়েল নন, তার নাম মামুন।
রবিবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এই ঘটনাটি ঘটেছে। পরে আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল ওই যুবককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, গত বছরের ২৯ ডিসেম্বর টেকনাফ থানায় র্যাব-১৫-এর সদস্য আমিনুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। টেকনাফের সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়া থেকে ওই ইয়াবা উদ্ধার করা হয়। ওই মামলার ৬ নম্বর পলাতক আসামি ছিলেন একই এলাকার আলি আহমদের ছেলে তোফায়েল। সম্প্রতি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে এলে উপস্থিত তোফায়েল হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তিকে সন্দেহ হয়। পরে জেরার একপর্যায়ে প্রমাণিত হয় তোফায়েল সেজে দাঁড়িয়ে থাকা লোকটির নাম মামুন।
পিপি জানান, প্রাথমিকভাবে জানা গেছে টাকার বিনিময়ে মামুন এ কাজ করেছেন। এখনও তার নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
Leave a Reply