সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
কাজল কান্তি দে।।
কক্সবাজারে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথমদিনে (৩০ এপ্রিল) ৪৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। যেখানে ৫১ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩১ হাজার ৭শ ৩১ জন। পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য প্রশাসনের সকল প্রস্তুতি ছিলো চোখে পড়ার মতো।
জেলা প্রশাসকের শিক্ষা ও কল্যান শাখা সূত্রে জানা যায়, জেলায় ৩০ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় ৫১ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৭শ ৩১। তম্মধ্যে এসএসসির ৩০ কেন্দ্রে ২২,৬৭১ জনে অনুপস্থিত ছিল ২৮২ জন, ও দাখিলের ১৩ কেন্দ্রে ৭,৬৫৪ জনে অনুপস্থিত ছিল ১৮৩ জন এবং ভোকেশনালে ৮ কেন্দ্রে ১,৪০৬ জনে অনুপস্থিত ছিল ১৬ জন। সর্বমোট ৪৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
সারাদেশে একযোগে শুরু হওয়া পরীক্ষার প্রথম দিনে কক্সবাজার সদর ও রামু উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। তিনি এ সময়ে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করতে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা জানান, পরীক্ষা গ্রহনের জন্য বোর্ড কর্তৃক প্রদত্ত যাবতীয় নির্দেশনা সকল কেন্দ্র সচিবদের প্রদান করেছি। সকলের সহযোগিতায় একটি পরিচ্ছন্ন পরীক্ষা গ্রহন করতে পারব। সকল কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনের জন্য এবং আইনশৃংখলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনও ব্যবস্থা করেছি।
এছাড়াও, সড়কে পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে চলাচল করে কেন্দ্রে যেতে পারে সে বিষয়ে ট্রাফিক পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশপাশে সকল ফটোকপির দোকানপাট ও কোচিং সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে।
এদিকে, এসএসসির প্রথম দিনে বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মজিদ ও তাজভিদ এবং কারিগরিতে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে এই পরীক্ষা চলে বেলা ১টা পর্যন্ত।
Leave a Reply