সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের উপকূলীয় এলাকায় গত দুদিনে চারটি অজ্ঞাত মরদেহ ভেসে এসেছে। উপকূলে ভেসে আসা এসব মরদেহ পচে গলে বিকৃত হয়ে গেছে। কোনোটি শরীর থেকে মাথা বিচ্ছিন্ন, আবার কোনোটি হাত-পা বিচ্ছিন্ন। ধারণা করা হচ্ছে ১০-১২ দিন আগে সাগরে তাদের মৃত্যু হয়েছে।
পুলিশ বলছে, অন্তত ১৫ দিন আগে মিয়ানমার থেকে মানুষ নিয়ে একটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। সেখানে ট্রলারডুবি অথবা অন্যকোনো দুর্ঘটনায় এসব মানুষের মৃত্যু হতে পারে।
জানা যায়, গত ১৪ জুন টেকনাফের সাবরাং মুন্ডারডেইল এলাকায় অজ্ঞাত এক নারীর মরদেহ ভেসে আসে। ১৫ জুন শাহপরীর দ্বীপে হাত-পা বিচ্ছিন্ন একটি মরদেহ এবং ইনানী সৈকতে মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সর্বশেষ শুক্রবার সকালে সেন্টমাটিনের দক্ষিণপাড়া এলাকায় ভেসে আসে অর্ধগলিত অজ্ঞাত পরিচয় একটি মরদেহ।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ‘সকালে জোয়ারের সময় অর্ধগলিত মরদেহটি ভেসে আসে। তবে তার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে- সমুদ্রে কোনো দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হতে পারে।’
টেকনাফ থানার ওসি মো আব্দুল হালিম জানান, ‘যে চারটি মরদেহগুলো উদ্ধার করা হয়েছে সবই একেবারে পঁচে গলে বিকৃত হয়ে গেছে। সাগরে অন্তত ১০-১২ দিন আগে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।’
অন্তত ১৫ দিন আগে মিয়ানমার থেকে একটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। সেখানে সাগরে কোরো দুর্ঘটনায় তাদের মৃত্যু হতে পারে। গতকাল যে মরদেহ ভেসে এসেছে তার গলায় বাঁধা একটি লকেটে পাওয়া যায় দুটি নম্বর। সেই নম্বরের সূত্র ধরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ওসি আরো জানান, ‘মিয়ানমার থেকে যে ট্রলার মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল, সেটি যদি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গিয়ে থাকে, তাহলে আরো বেশকিছু মরদেহ ভেসে আসার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে গত দুদিনে টেকনাফ, সেন্টমার্টিন ও উখিয়ায় চারটি মরদেহ ভেসে এসেছে।’
Leave a Reply