সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সিএনটি ডেস্ক।।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে আগামী নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। এ ছাড়া মতামতের ভিত্তিতে ইসি পুনর্গঠন করা জরুরি বলে মত দিয়েছেন নেতারা।
শনিবার (৫ অক্টোবর) যুমনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘সংলাপে নির্বাচন সংস্কার রোডম্যাপ দিতে বলেছি। ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি জানিয়েছি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের কারণে বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছি। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তাব দেওয়া হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘প্রশাসন থেকে স্বৈরাচারের নিয়োগকৃত দোসররা এখনও রয়েছে। তাদের অবিলম্বে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে বসানোর কথা বলেছি। ডিসি নিয়োগে যে দুর্নীতির খবর বের হচ্ছে তা উদ্বেগের। আমরা নতুন ফিটলিস্ট তৈরির কথা বলেছি।’
প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানান বিএনপি মহাসচিব।
বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দলে ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ।
এর আগে গত ২৯ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের সমসাময়িক ইস্যুতে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল।
এ ছাড়াও আজ বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে অনুষ্ঠেয় সংলাপে ৬ সদস্যের প্রতিনিধিদল যোগ দেবে। এরপর বিকাল সাড়ে ৫টায় প্রধান উপদেষ্টার সঙ্গে এবি পার্টির প্রতিনিধি দলের বৈঠক ও আলোচনা অনুষ্ঠিত হবে।
Leave a Reply