মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার শহরের ভয়ংকর কিলার ও শীর্ষ সন্ত্রাসী আশরাফ আলী ওরফে আশু আলী (২৭) র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।
নিহত আশু আলী শহরের ৬নং ওয়ার্ডের সাবমেরিন এলাকার পার্শ্ববর্তী ফরেস্ট অফিস পাড়ার জাফর আলমের ছেলে।
শনিবার (১৭ জুলাই) ভোরে শহরের ৬নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী এলাকার বড়বিল মাঠে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, আশু আলী সম্প্রতি শহরের রুমালিয়ারছড়ায় হওয়া ডাবল মার্ডার মামলার প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বড়বিল এলাকায় অভিযানে যায় র্যাব। এ সময় র্যাবের অবস্থান টের পেয়ে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে আশু আলীর মরদেহ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া, শহরের সাহিত্যিকা পল্লী ও সমিতিবাজার এবং আশপাশে এলাকায় আশু আলী বাহিনীর অভয়ারণ্য ছিল।
এদিকে, সন্ত্রাসী আশু আলীর নিহতের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে এবং এলাকায় মিষ্টি বিতরণ করেছে বলে জানা গেছে।
Leave a Reply