মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফে বিজিবির হাতে আটক হয়েছে যুগান্তরের সাংবাদিক ও ধর্ষণ মামলাসহ একাধিক মামলার আসামি আবুল কাশেম (৪০) ওরফে কাইশ্যা।
রোববার সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে বর্ডার গার্ড ব্যাটালিয়ান-২ সদস্যরা তাকে আটক করে। পরে টেকনাফ থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
বিজিবি ও টেকনাফ থানা পুলিশ সূত্র জানায়, আবুল কাশেমের পিতার নাম আবু সামা। তার বাড়ি টেকনাফের হোয়াইক্ষ্যং এর ঝিমংখালী হলেও থাকে গাজীপুরে। সাম্প্রতিক সময়ে কক্সবাজার-টেকনাফ রুটে প্রাইভেটকারের আগে পিছে যুগান্তরের লোগো লাগিয়ে দাপিয়ে বেড়াত।
রোববার সন্ধ্যায় আবারও সে ওই রুটে যুগান্তরের লোগো লাগানো প্রাইভেট কার নিয়ে হোয়াইক্ষ্যং চেকপোস্ট পার হওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে সিগন্যাল দেয়। সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবির সন্দেহ হয়। পালানোর চেষ্টা কেন করছিল তা জানতে চাইলে সে বিজিবি সদস্যদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকে। সাংবাদিক পরিচয়ে হুমকি ধমকিপ্রদান করে। এক পর্যায়ে বিজিবি সদস্যরা তাকে আটক করে।
বিজিবি ও পুলিশ খোঁজ -খবর নিয়ে জানতে পারে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ধর্ষণ চেষ্টা মামলা, গাছ কাটার মামলা, চাঁদাবাজির মামলাসহ অসংখ্য মামলা রয়েছে। পরে তাকে টেকনাফ থানা পুলশের কাছে হস্তান্তর করা হয়। টেকনাফ থানা পুলিশ গাজীপুরের জয়দেবপুর থানার নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ মামলার (মামলার নম্বর: ১৮, ২০/০৬/২০২১) প্রধান আসামি হিসেবে আবুল কাশেম ওরফে রোহিঙ্গা কাশেমকে সোমবার ওই থানা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে।
এ প্রসঙ্গে বর্ডারগার্ড ব্যাটেলিয়ন-২ এর অধিনায়ক মোহাম্মদ ফয়সাল হাান খাঁন (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান আবুল কাশেম নামে যুগান্তরের এক সাংবাদিককে তাদের হাতে বিজিবি হস্তান্তর করেছে এবং তাকে ধর্ষণ মামলায় জয়দেবপুর থানায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply