মো.শাহাদত হোছাইন।।
কক্সবাজারের কুতুবদিয়ার পুর্ণিমার জোয়ারের প্রভাবে আলী আকবর ডেইল ইউনিয়নের পশ্চিম পাশের বেড়িবাঁধের পার্শ্ববর্তী ১০টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকাগুলো হলো-আলী আকবর ডেইল ইউনিয়নের কাহারপাড়া, সাগর পাড়া, কিরণপাড়া, কাজীরপাড়া, তেলিপাড়া, নাছিয়ারপাড়া, হকদারপাড়া, হায়দারপাড়া,পন্ডিত পাড়া ও চৌধুরীপাড়া।
শনিবার (২৪ জুলাই) দুপুরে সাগরে নিম্নচাপ সৃষ্টির কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪/৫ ফুট উচ্চতায় প্রবাহিত হওয়ায় ভাঙ্গন বেড়িবাঁধের বায়ু বিদ্যুৎ এলাকা দিয়ে লোনা পানি ঢুকে পড়ে।
কাজীরপাড়ার বাসিন্দা সৈয়দুল খাইর জানান, সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পুর্ণিমার জোয়ারের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি হওয়ায় পানি ঢুকে বসতভিটা ও পুকুর তলিয়ে যায়। ঘরবাড়িতেও কোমর পর্যন্ত পানি উঠেছে। জোয়ারের পানি দেখে ৩০/৪০ পরিবার ইতোমধ্যে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে। মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট, পুকুর পানিতে তলিয়ে গেছে। এতে পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
আলী আকবর ডেইল ইউনয়ন পরিষদের চেয়ারম্যান নুরুচ্ছফা বি.কম জানান, সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার দুপুরে স্বাভাবিক জোয়ারের চেয়ে সাগরের পানির উচ্চতা কয়েক ফুট বেড়েছে। এতে বেড়িবাঁধ বিভিন্ন অংশ দিয়ে পানি ঢুকে পড়ে লোকালয় প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে ১০ টি গ্রাম প্লাবিত হয়েছে। ঠিকাদারের কাজের দুর্নীতি করা নিয়েও কড়া সমালোচনা করেন তিনি।ঠিকাদারের কাজের দুর্নীতির বিভিন্ন ছবি উপজেলা চেয়ারম্যান ও এমপি আশেক উল্লাহ রফিককে দিয়েছি। তারা কোন ব্যবস্থা নেয়নি। তারা কিছু না করলে এখন আমি করতে পারি।ঠিকাদার জিও ব্যাগ দেওয়ার কথা ছিল। জিও ব্যাগেরও দেখা নেই। দেখা নেই ঠিকাদারেরও। বায়ু বিদ্যুৎ পয়েন্টের অস্থায়ী দেড় কিমি বেড়িবাঁধ তলিয়ে গেছে।আরো ২/৩ দিন পানি বাড়বে। বাড়িঘর ডুবে জনগণের কি অবস্থা হবে ভাবতে পারছি না।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী জানান, বেড়িবাঁধের নির্মাণকাজ শেষ না হওয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ণিমার জোয়ারে আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ু বিদ্যুৎ পয়েন্ট দিয়ে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করেছে। এতে আলী আকবর ডেইল ইউনিয়নের কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শন করেছে এবং প্রতিকারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
এদিকে, বাড়িঘর প্লাবিত হওয়ায় ৩০ টি পরিবারকে টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুতুব আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে।
Leave a Reply