রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণে ২ দিনের সফরে কক্সবাজারে এসেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
শুক্রবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন তিনি। সেখান থেকে বেরিয়ে সফর সম্পর্কে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণে এখানে (কক্সবাজার) আসা হয়েছে। এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি টিমও কাজ করছে। এ হত্যা কান্ডের ঘটনা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের একটি বৈঠক হবে। তাই সার্বিক পরিস্থিতি দেখতে আমাদের এখানে আসা। সকলকে নিয়ে এই পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করতে চাই।
এদিকে, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তার সাথে বৈঠক শেষে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে চার সদস্যদের প্রতিনিধি দলের উখিয়ার কুতুপালং ক্যাম্পে যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাতে অজ্ঞাত বন্দুক ধারীদের হাতে নিহত হন রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ। এ ঘটনায় নিহত মুহিবুল্লাহর ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এরপর পাঁচ আসামিকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে।
Leave a Reply