বিশেষ প্রতিবেদক।।
করোনা মহামারিতে স্কুল বন্ধ থাকার সুযোগে গরুর খামার করা হয়েছে কক্সবাজার সদরের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে। আর এতে বিভিন্ন সাইজের ১৮টি গরু পালন করা হচ্ছে। খামারের ছড়িয়ে ছিটিয়ে থাকা গো-বর্জ্যের কারণে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় মাঠের দক্ষিণ-পূর্ব কোণায় অবস্থিত শেখ রাসেল হাউসের নিচতলা, ঢালু সিঁড়ি ও উপর তলায় বিভিন্ন সাইজের ১৮টি গরু পালন করা হচ্ছে। গরু লালন-পালনে ব্যস্ত সময় পার করছেন একই বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক গিয়াস উদ্দিন, মোজাম্মেল হক ও আবু বক্কর। ইতোপূর্বে সাইক্লোন শেল্টার কাম একাডেমিক ভবনটি শেখ রাসেল হাউস নাম দিয়ে বিভিন্ন সময় হোস্টেল হিসেবে ব্যবহার করা হয়েছে। ভবনটির খালি জায়গার চারপাশে ঘেরা দিয়ে বর্তমানে তাতে গরুর খামার করা হয়েছে। তাছাড়া, দিনের বেলা ছোট সাইজের গরুগুলো বিদ্যালয়ের সবুজ মাঠে চরতে দেয়া হয় এবং বড় গরুগুলোর পরিচর্যা চলে শেখ রাসেল হাউসে।
এদিকে, কুরবানি মৌসুমকে সামনে রেখে অধিক মুনাফার আশায় স্কুলকে গরুর খামারে পরিণত কান্ডে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে বিভিন্ন মহল থেকে।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন রায় জানান, সরকারী প্রতিষ্টান ব্যক্তিগত কাজে বা ব্যক্তি স্বার্থে ব্যবহার করা যায় না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সেলিম উদ্দনিকে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গেল বিজয় দিবসের আগে একই
বিদ্যালয়ের শহীদ বেদিতে গোবর শুকানোর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে খবর পেয়ে উপজেলা ছাত্রলীগ কর্মীরা শহীদ মিনারটি পরিস্কার করেন। বিদ্যালয়ের শহীদ বেদিতে গোবর শুকানোর ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করলেও তা এখনো আলোর মুখ দেখেনি।
Leave a Reply