সোমবার, ০১ Jun ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
কুতুবদিয়া প্রতিনিধি।।
বঙ্গোপসাগরে কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে কুতুবদিয়া উপকূলের “এফবি সাগর” নামক ফিশিং ট্রলার ডুবে গেছে। মাছ ধরতে যাওয়া অন্য ফিশিং ট্রলার ১৩ জেলেকে জীবিত উদ্ধার করে এবং বিশ্বনাথ চন্দ্র দাশ (৩৩) নামের এক জেলেকে মৃত উদ্ধার করা হয়েছে।
নিহত বিশ্বনাথ চন্দ্র দাশ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার যোশেদ চন্দ্র দাশের ছেলে।
ট্রলারের মাঝি হিরামন জলদাশ জানান,কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের জেলে পাড়ার রত্নসেন জলদাশের মালিকানাধীন এফবি সাগর মঙ্গলবার রাত ৮টায় বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। রাত সাড়ে ১২টার দিকে সাগরের গুলিরধার নামক স্থানে পৌঁছলে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। তখন জেলেরা নিজ নিজ লাইফ বয়া নিয়ে সাগরে ভাসতে থাকে। বুধবার ভোরে মাছ ধরতে যাওয়া অন্য ট্রলার ভাসমান অবস্থায় ১৩ জেলেকে জীবিত উদ্ধার করে। তাদের সাথে থাকা জেলে বিশ্বনাথ চন্দ্র দাশকে মৃত উদ্ধার করে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মিজানুর রহমান ঘটনার বিষয়ে জেনে পুলিশ পাঠিয়ে মৃত জেলের লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানান।
এদিকে, ট্রলার মালিক রত্নসেন জলদাশ সাগরে নৌ-দুর্ঘটনার বিষয়টি কুতুবদিয়া থানায় লিখিত অবহিত করেছেন। এছাড়া, কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকতার কামাল নৌ-দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply